সংসদে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি বিষোদগারে বিএফইউজের উদ্বেগ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং এর সকল অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দ জাতীয় সংসদে লাগামহীনভাবে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি বিষোদগারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিএফইউজে নেতৃবৃন্দ জানান, স্পিকার সুযোগ দিলে সাংবাদিক নেতারা জাতীয় সংসদে গিয়েই প্রতিটি প্রশ্নের জবাব দিতে প্রস্তুত।
তারা বলেন, দায়িত্বশীল সংবাদমাধ্যম ও সাংবাদিকরা কারো বিরুদ্ধে নয় বরং তাদের পেশাদারিত্বের প্রতিফলন ঘটাচ্ছে মাত্র। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে কোনও হুমকি, ধমক বা নিয়ন্ত্রণমূলক আইন মেনে নেবে না।
বিবৃতিতে স্বাক্ষর করেন বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব মনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক শাহ আলমগীর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদ ও সাধারণ সম্পাদক শহীদ উল আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রহমান খান ও সাধারণ সম্পাদক জামিনুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক মইনুল হক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বরূপ কুমার বকশী ও সাধারণ সম্পাদক শাহীন হোসেন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মনা এবং ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী ইয়াসিন ও সাধারণ সম্পাদক আতাউল করিম।
