২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদিতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত শতাধিক

নরসিংদী জেলার আমীরগঞ্জে মঙ্গলবার রাতে যাত্রীবাহী দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় প্রায় শতাধিক যাত্রী আহত হয়েছে বলে রেলওয়ের ভৈরব কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 11:56 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

উভয় ট্রেনে এ সময় কমপক্ষে ৫ শতাধিক যাত্রী ছিলো বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে নরসিংদী হাসপাতালে এবং বাকিদের স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে। 

বিডিনিউজের নরসিংদি প্রতিনিধি জানান, রাত ১০ টা ২৫ মিনিটে উপকূল এক্রপ্রেস এবং মেইল ট্রেন নোয়াখালী এক্রপ্রেসের মধ্যে মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশন) গোলাম মোস্তফা বিডিনিউজকে বলেন, ঢাকাগামী নোয়াখালী এক্রপ্রেসটি যখন আমীরগঞ্জে দাঁড়ানো ছিল তখন উপকূল এক্রপ্রেসটি ট্রাফিক সিগনাল অমান্য করে নোয়াখালী এক্রপ্রেসের লাইনে ঢুকে পড়লে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আমিরগঞ্জ স্টেশনের সকল কর্মচারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কেউ নিহত হয়েছে কিনা কর্তব্যরত পুলিশ তা জানা যায়নি।

আহতদের মধ্যে সাত জনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, হারুণ (৫০), এম সোবহান মিয়া (৩০), কুমিল্লার এম কাওসার মিয়া (২৮), জুয়েল আহমেদ (৪০), সিরাজগঞ্জের অলিউল হক কিরণ (২৬), নরসিংদির নয়ন (৩৫)। এদের মধ্যে হারুণকে নরসিংদি হাসপাতালে এবং ছয়জনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।       

সংঘর্ষের পর নোয়াখালী এক্রপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে যায়। দুর্ঘটনার পর থেকে ঢাকা-- চট্টগ্রাম, ঢাকা--সিলেট,ঢাকা-- নোয়াখালী রুটের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।