জেএমবির হুমকি: বিভিন্ন স্থানে প্রেসক্লাব, জজ কোর্ট ও ডিসি অফিস উড়িয়ে দেওয়া হবে
নিষিদ্ধঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থাপনা উড়িয়ে দেওয়া এবং ম্যাজিস্ট্রেট ও প্রকৌশলীকে হত্যার হুমকি দিয়েছে।
বিডিনিউজ-এর জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এসব তথ্য পাওয়া গেছে।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, বিভাগীয় স্পেশাল জজ সরকার আবুল সনসুর আহমেদকে মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) প্রাণনাশের হুমকি দিয়েছে।
সূত্র জানায়, সকাল সাড়ে ৮টায় জজের বাসায় টেলিফোনে হুমকি প্রদানকারী ব্যক্তি নিজেকে জেএমবি সদস্য পরিচয় দিয়ে বলে, জীবন বাঁচাতে চাইলে কোর্টে না গিয়ে বাসায় থাকুন।
এ ব্যাপারে বিচারক মনসুর আহমেদ বিকেলে রাজপাড়া থানায় জিডি করেছেন।
বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, এক সপ্তাহের মধ্যে টাঙ্গাইল প্রেসক্লাব বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে জেএমবি ও বাংলা ভাই সমর্থকরা হুমকি দিয়েছে। সোমবার ডাকযাগে প্রেসক্লাবে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়।
ওই চিঠিতে আরও বলা হয়, তাদের কাছে উত্তর টাঙ্গাইলের পুলিশ স্টেশনগুলো উড়িয়ে দেওয়ার নির্দেশ এসেছে।
এ খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার আবদুল্লাহেল বাকী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে আলোচনা করে সার্বিক নিরাপত্তার আশ্বাস দেন।
বিডিনিউজ হবিগঞ্জ প্রতিনিধি বলেন, হবিগঞ্জ জজ কোর্ট ও ডিসি অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়।
জেলা প্রশাসক এমএম সুলতান ও পুলিশ সুপার মিলি বিশ্বাসের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, হবিগঞ্জ জেলা জামাতে ইসলামীর সাবেক আমীর মাওলানা সাইদুর রহমানের ছেলে জেএমবি সদস্য শামিমের কোনও ক্ষতি হলে হবিগঞ্জ জজ কোর্ট ও ডিসি অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
পুলিশ সুপার মিলি বিশ্বাস বলেন, চিঠিতে প্রেরকের নাম উল্লেখ নেই।
শামিমকে ৭ সেপ্টেম্বর শহরের তিনকোণা পুকুর পাড় এলাকার একটি কম্পিউটারের দোকান থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেএমবি সিরাজগঞ্জ ইউনিট মঙ্গলবার দুপুরে ডাকযোগে এক চিঠিতে পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি দেয়। হাতে লেখা এ চিঠিতে প্রকৌশলী ছালাম মিঞাকে ঘুষখোর, দুর্নীতিবাজ আখ্যায়িত করে আগামী ১৫ দিনের মধ্যে সপরিবারে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।
বিডিনিউজ কলাপাড়া প্রতিনিধি জানান, কলাপাড়া উপজেলা ম্যাজিস্ট্রেটকে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে জেএমবি একটি উড়োচিঠি দিয়েছে। বাকেরগঞ্জ পোস্ট অফিস থেকে পোস্ট করা ওই চিঠিতে বলা হয়, তিন দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার কারণে আমাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, দেশের প্রচলিত আইন চলবে না। আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলা দায়রা জজ আলী মনসুর এবং অতিরিক্ত জেলা দায়রা জজ মনির হোসেন পাটোয়ারীকে মঙ্গলবার পরিবারসহ হত্যার হুমকি দিয়েছে জেএমবি।
মঙ্গলবার দ্বিতীয় দফায় জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্যরা তাদের এ হুমকি দেয়। জেলা দায়রা জজ ডাকযোগে এ চিঠিটি পান। চিঠিতে বলা হয়, তাদের মারতে পারলে বিশ লক্ষ টাকা পাওয়া যাবে। গানম্যান দিয়েও তারা রক্ষা পাবে না। চিঠির নিচে বাংলা ভাইয়ের নাম উল্লে¬খ করা হয়।
এর আগে ২০ অক্টোবর রমজান মাসে জেএমবি চিঠির মাধ্যমে জজ কোর্ট ধ্বংসের হুমকি দিয়েছিলো। দুটি চিঠির হাতের লেখা একই রকমের। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আফসার হোসেন নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বুধবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভা আহ্বান করেন। এ ঘটনায় শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
