ভবিষ্যৎ চাহিদা পূরণে জ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে: মওদুদ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ জাতির ভবিষ্যত চাহিদা পূরণের লক্ষ্যে জ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে, দেশে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা এবং এ বিষয়ে অধ্যায়ন করার মতো ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রচলিত বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি আমাদের এ ধরনের বিশ্ববিদ্যালয়ও গড়ে তুলতে হবে।
মন্ত্রী এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ওয়াটার ল্যাব লিমিটেড এবং প্রতিপালক সংস্কৃতি ও বিজ্ঞান সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন হায়ার অ্যাডুকেশন ইন বাংলাদেশ অ্যান্ড ইটস রিয়েল ওয়ার্ল্ড অ্যাপলিকেশন: প্রসপেক্ট অব ইন্টারেকশনস বিটুইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অ্যাকাডেমিয়া’ শীর্ষক মাসব্যাপী সিরিজ বক্তৃতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর বেশিরভাগেরই কোনও গবেষণা শাখা নেই।
তিনি আরও বলেন, বিশ্বের দরিদ্র দেশগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রতিযোগিতায় টিকতে পারছে না বলেই ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ব্যবধান ক্রমশই বাড়ছে। ধনী ও উন্নত দেশগুলোর হাতে সম্পদ কুক্ষিগত হয়ে আছে। ফলে ধনী ও দরিদ্র দেশের মধ্যকার দূরত্ব, পারস্পরিক দ্বন্দ্ব এবং উত্তেজনা দিন দিন বাড়ছেই।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিরাজমান সমস্যা কমিয়ে আনার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিজ্ঞান বিষয়ক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।
এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম শমশের আলী, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমআর কবির, প্রতিপালক সংস্কৃতি ও বিজ্ঞান সংঘের সভাপতি শান্তনু সাহা রায় এবং ওয়াটার ল্যাব লিমিটেডের কেএম মোস্তফা আনোয়ার।
