২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ বাহিনীর অভিযান সত্ত্বেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক দশকে ১৬ সাংবাদিকসহ অর্ধশতাধিক খুন

এলিট ফোর্স র‌্যাব, পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান সত্ত্বেও একের পর এক বোমা হামলা ও খুনের ঘটনায় দক্ষিণ--পশ্চিমাঞ্চলের পুলিশ, সাংবাদিক ও রাজনীতিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুবীর কুমার রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 02:18 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এ অঞ্চলে গত তিন বছরে ১৪ জন পুলিশ, ১২ বছরে ১৬ সাংবাদিক এবং এক দশকে ২৪ জন রাজনীতিকসহ অর্ধ শতাধিক প্রতিনিধি খুন হয়েছে।

সর্বশেষ গত রোববার খুলনার পিকচার প্যালেস মোড়ে সন্ত্রাসীদের বোমা হামলায় ট্রাফিক কনস্টেবল মনির গুরুতর আহত হন।

খুলনা রেঞ্জ ডিআইজি’র একটি সূত্র জানায়, গত তিন বছরে সন্ত্রাসী ও চরমপন্থীদের হামলায় ১৪ জন পুলিশ নিহত হয়। ২০০৩ সালের ৩ জুলাই রূপসা উপজেলার বামনডাঙ্গা বাজারে স্থানীয় শিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামসুল হক ও একই ক্যাম্পের হাবিলদার আবু বক্কর সিদ্দিককে সন্ত্রাসীরা হত্যা করে লাশ আঠারো বেকী নদীতে ফেলে দেয়। একই বছরের ১ মার্চ নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় দায়িত্ব পালনকালে বোমা হামলায় নিহত হন ট্রাফিক সার্জেন্ট আরিফুল হক আরিফ।

এসময় দুই কনস্টেবল মারাত্মক আহত হন। ওই বছরেরই ১১ মার্চ নগরীর শেখপাড়া চামড়াপট্টিতে সন্ত্রাসীদের বোমা হামলায় কনস্টেবল রমেশ চন্দ্র ও শরিফুল নিহত হন এবং আরও দু’জন কনস্টেবল আহত হন।

২০০৩ সালের ১২ মে চরমপন্থীদের বোমা হামলায় হাবিলদার আশরাফ আলী নিহত হন।

২০০২ সালের ১৭ জুলাই বাগেরহাটের চুলকাঠি ক্যাম্পের ইনচার্জ এসআই আলতাফ হোসেন চরমপন্থীদের গুলিতে নিহত হন। একই বছরের ৫ ফেব্রƒয়ারি সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাতক্ষীরা জেলার ইটাগাছা পুলিশ ফাাঁড়ির কনস্টেবল ফজলুর রহমান ও আব্দুল মোতালেব ছুরিকাঘাতে নিহত হন। ২৭ এপ্রিল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা সদরে চরমপন্থীরা গুলি ও বোমা মেরে কনস্টেবল শাহ আলম ও আবুল কালাম আজাদকে হত্যা করে একটি রাইফেল ও একটি এসএল আর ছিনিয়ে নিয়ে যায়। এ বছরেরই ২৫ ডিসেম্বর কুষ্টিয়ার ঝাউদিয়া ক্যাম্প ইনচার্জ এসআই ইলিয়াসকে হত্যা করে তার রিভলবার, ওয়্যারলেস সেট ও মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।

২০০৪ সালের ১০ ফেব্র“য়ারি ঝিনাইদহের শৈলকুপায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ডাবলু মিয়া ছুরিকাঘাতে নিহত হন। একই বছর ১৮ মে ঝিনাইদহের আরেক পুলিশ কনস্টেবল মালেক আলীকে বোমা হামলা চালিয়ে সন্ত্রাসীরা হত্যা করে।

এদিকে একই সময়ে নগরীতে প্রায় ১০টি বোমা হামলার ঘটনা ঘটে। এছাড়া চলতি মাসের গত রোববার নগরীর পিকচার প্যালেস মোড়ে বোমা হামলায় ট্রাফিক কনস্টেবল মনির আহত হন।

এদিকে গত এক যুগে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের রোষানলে পড়ে এ অঞ্চলের ১৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। যার সর্বশেষ শিকার দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস। ১৭ নভেম্বর সন্ত্রাসীরা গৌতমকে হত্যা করে।

এছাড়া ২০০৫ সালের ১১ ফেব্র“য়ারি খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিন, ২০০৪ সালের ২৭ জুন দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ন কবীর বালু, একই বছরের ১৫ জানুয়ারি দৈনিক সংবাদের খুলনা ব্যুরো প্রধান মানিক চন্দ্র সাহা বোমা হামলায় নিহত হন।

২০০৩ সালে দৈনিক অণির্বান পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি শুকুর হোসেন এবং ২০০১ সালে একই পত্রিকার নজর আলীকে হত্যা করা হয়। ২০০০ সালে দৈনিক বীর দর্পন পত্রিকার সম্পাদক মীর ইলিয়াস হোসেন দিলীপ, একই বছর দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শামছুর রহমান কেবল, ১৯৯৯ সালে দৈনিক লোক সমাজের বিএল কলেজ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, ১৯৯৮ সালে চুয়াডাঙ্গার দৈনিক দিনবদল পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ বজলুর রহমান, একই বছর যশোরের দৈনিক রানার পত্রিকার সম্পাদক এমআর সাইফুল আলম মুকুল, ১৯৯৬ সালে সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক স.ম. আলাউদ্দিন, একই বছর যশোরের দৈনিক স্ফূলিঙ্গ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল গফ্ফার, ১৯৯২ সালে দৈনিক রানার পত্রিকার অভয়নগর প্রতিনিধি ফারুক হোসেন সন্ত্রাসীদের হাতে খুন হন।

অপরদিকে গত এক দশকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৪ জন রাজনীতিকসহ অর্ধ শতাধিক জন প্রতিনিধি সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন।

এদের মধ্যে সর্বশেষ নিহত হয়েছেন গত ২৩ অক্টোবর খুলনার দৌলতপুরের বিএনপি নেতা মিজানুর রহমান বাবলু। এছাড়া নগরীর খানজাহান আলী থানা এলাকায় নিহত হন বিএনপি নেতা ও স্কুল শিক্ষক মুনজির আহমেদ। এর আগে নিহতদের মধ্যে রয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম, এ্যাডভোকেট বিজন বিহারী মন্ডল, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ লাবু, খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম, প্রভাবশালী আওয়ামী নেতা এসএমএ রব, সিপিবি নেতা রতন সেন, বিএনপি নেতা ও ডেপুটি মেয়র ইকতিয়ার উদ্দিন বাবলু, বিএনপি নেতা আমীর আজম খান, আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কমিশনার মোসলেম উদ্দিন খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি ওয়াহিদুজ্জামান চঞ্চল, মহানগর ছাত্রলীগের সহ--সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা সরদার আব্দুর রাজ্জাক, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জাতীয় পার্টি নেতা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার, ডুমুরিয়ার যুবলীগ নেতা কবিরুল ইসলাম, যুবলীগ নেতা জহির উদ্দিন পান্না, যুবদল নেতা মোল্লা সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুল আলম কুটু, ছাত্রলীগ নেতা লিপন, শ্রমিক লীগ নেতা ফ.ম. সিরাজ, তেরখাদার আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া সিকদারসহ অর্ধ শতাধিক বিভিন্ন স্তরের নেতাকর্মী।

একাধিক গোয়েন্দা সূত্র জানায়, দক্ষিণ--পশ্চিমাঞ্চলে ১৩টি চরমপন্থি ও সাতটি জঙ্গিবাদী গ্র“প সক্রিয় রয়েছে। চরমপন্থী (এমএল-জনযুদ্ধ) ছাড়া অন্য দলগুলোর প্রভাব আগের মত নেই। সক্রিয় চরমপন্থী দলগুলোর মধ্যে রয়েছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ), পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল), পূর্ব বাংলার সর্বহারা পার্টি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা), নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি, বিপ্লবী কমিউনিস্ট পার্টি, মাওবাদী কমিউনিস্ট পার্টি, শ্রমজীবি মুক্তি আন্দোলন, ছিন্নমুল কমিউনিস্ট পার্টি ও নব গঠিত গণ ফৌজ।

এছাড়া উগ্র জঙ্গিবাদী গ্র“পগুলোর মধ্যে রয়েছে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ, জামা’আতুল মুসলেমীন, হিযবুল্লাহ বাংলাদেশ ও আল্লাহর দল।

একের পর এক বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সম্প্রতি খুলনা চেম্বার অব কমার্স এ্যাণ্ড ইন্ডস্ট্রিজ’র নেতৃবৃন্দের সাথে কেএমপি কমিশনার খান সাঈদ হাসান (পিপিএম) এক মত বিনিময় সভায় মিলিত হন।

ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে কেএমপি কমিশনার ব্যবসায়ী নেতৃবৃন্দকে জানান।

কেএমপি’র কমিশনার বিডিনিউজকে জানান, বোমা হামলার ঘটনায় পুলিশকে সতর্ক থেকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সাংবাদিক ও রাজনীতিকদের চলাচল নিয়ন্ত্রিতভাবে করার জন্য অনুরোধ জানানো হয়েছে।