গণপিটুনিতে গরুচোরের সরদার নিহত
কুষ্টিয়ায় গরু চুরির অপরাধে সোমবার ভোরে বিক্ষুদ্ধ জনতার হাতে নিহত হয়েছে মহিদুল (৩৬) নামে গরুচোরদের এক সরদার। সোমবার ভোর সাড়ে চারটা দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাইকুড়ি গ্রামের আইনাল হকের বাড়ি থেকে একজোড়া হালের বলদ চুরি করে পালিয়ে যাবার সময় গ্রামের জনগণ বিষয়টি টের পায় এবং তাদের ধাওয়া করে। এসময় জনতা চোরের সর্দার মহিদুলকে ধরে ফেলে এবং মহিদুলের অপর দুই সহযোগী পাশের ভুরকাপাড়া গ্রামের নাহারুল ও কামাল তখন দৌড়ে পালিয়ে যায়।
নিহত মহিদুল দৌলতপুর ইউনিয়নের দাড়পাড়া গ্রামের অফজাল উদ্দিনের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
