কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোরশেদ খানের ঢাকা ত্যাগ
অষ্টাদশ কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সোমবার মাল্টার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ২৫ নভেম্বর এ সম্মেলন শুরু হচ্ছে, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
মাল্টা যাওয়ার পথে মঙ্গলবার ভ্যাটিকান সিটির পোপ ষোড়শ বেনেডিক্টের সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান। ভ্যাটিকানের নবনির্বাচিত পোপের সঙ্গে এটিই হবে কোনও বাংলাদেশী নেতার প্রথম বৈঠক।
বিদায়ের প্রক্কালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে মোরশেদ খান বিডিনিউজকে বলেন, শান্তি ও মানবতার জন্যে সকল বিশ্বাস ও ধর্মের লোকজনের একত্রে কাজ করার এখনই সময়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে আমরা মুসলমান ও খ্রিস্টান উভয়ের মাঝে সেতুবন্ধন স্থাপন করতে পারি। কেননা সন্ত্রাসীদের কোনও ধর্ম নেই।
কমনওয়েলথ শীর্ষ বৈঠকে অংশ দিতে যাওয়া সাত সদস্যের বাংলাদেশী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি দলের অপর সদস্যদের মধ্যে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন ও বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাবিহ উদ্দিনও রয়েছেন। মোরশেদ খান বলেন, বৈঠকে অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের ওপরই জোর দেবে বাংলাদেশ।
তিনি বলেন, কমনওয়েলথ হচ্ছে অভিন্ন সম্পদ বিনিময়ের সংগঠন, দারিদ্র্য বিনিময়ের নয়। দুর্যোগে প্রস্তুতিগ্রহণ, দুর্যোগপূর্ব ব্যবস্থাপনা ও যুদ্ধ পরবর্তী শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের বেশ কিছু প্রস্তাব রয়েছে। শান্তি প্রতিষ্ঠা বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যেই একটি কনসেপ্ট পেপার উপস্থাপন করেছে এবং আসন্ন সম্মেলনে এ বিষয়ে আলোচনা হবে বলে তিনি উল্লেখ করেন।
সম্মেলন চলাকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে মোরশেদ খানের দেখা করার কথা রয়েছে।
কমনওয়েলথের এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘উন্নয়নের জন্যে কমনওয়েলথ নেটওয়ার্কিং’। সম্মেলনে বাণিজ্য, উন্নয়ন, মানবাধিকার, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য, বিদেশী বেসরকারি বিনিয়োগ, সন্ত্রাসবাদ, সুশাসন, সক্ষমতা অর্জন, দারিদ্র্য নিরসন ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।
সম্মেলনে যোগদান শেষে ৩০ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের দেশের ফেরার কথা রয়েছে।
