লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের কাণ্ড
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজির পাড়া ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান ওমর ফারুক ওরফে টাইগার ফারুক স্থানীয় দুই ছাত্রলীগ নেতাকে পিটিয়ে গুরুতর জখম করেছে।
আহত দুই ছাত্রলীগ নেতার নাম -- খলিল ভূঁইয়া (১৮) ও মিজানুর রহমান (২৫)।
খলিল স্থানীয় ইউপি ছাত্রলীগের আহবায়ক এবং মিজান সদর উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য।
এদের মধ্যে আশংকাজনক অবস্থায় খলিলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার চর মোহাম্মদপুর গ্রামের নিজ বাড়ি থেকে রোববার দুপুরে ওই দুই ছাত্রলীগ নেতাকে তুলে এনে স্থানীয় বোর্ড অফিসে আটকে রেখে ইউপি চেয়ারম্যান তাদেরকে অস্ত্র রাখার অভিযোগে বেধড়ক মারপিট করে।
এক পর্যায়ে এদের দুইজনের মধ্যে মিজানুর রহমানকে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীকালে এলাকাবাসী এসে খলিলকে নির্যাতনের হাত থেকে রক্ষা করে।
এদিকে ইউপি চেয়ারম্যান এ ঘটনার কথা স্বীকার করেছেন।
তবে তিনি জানান, ওই দুই ছাত্রলীগ নেতার কাছে কোন অস্ত্র পাওয়া যায়নি।
