২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরবিসের কার্যক্রম শুরু, দু’শ চক্ষু চিকিৎসক ও চিকিৎসা সহকারীকে প্রশিক্ষণ দেয়া হবে

আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস দেশের দুই’শ চক্ষু চিকিৎসক ও  চিকিৎসা সহকারীকে প্রশিক্ষন দেবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে রোববার অরবিসের দশদিনব্যাপী কার্যক্রম  শুরু  হয়েছে। আগামী ৩০ নভেম্বর অরবিসের প্রশিক্ষণ ও চিকিৎসা সেবা কার্যক্রম শেষ হবে।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অরবিস ছানি পড়া, কর্ণিয়া এবং রেটিনা সমস্যার ওপর চিকিৎসক ও চিকিৎসা সহকারীকে প্রশিক্ষন দেয়া ছাড়াও  প্রশিক্ষণ সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবে।

বিমান বন্দরের টার্মিনাল চত্বরে রোববার সকালে অরবিসের কার্যক্রমের  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চক্ষু চিকিৎসা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক  ডাঃ রবিউল হোসেন। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ সাহাদাত হোসেন, চক্ষু চিকিৎসক সোসাইটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডাঃ হাদী ফকির, অরবিসের পরিচালক গর্ডন ডগলাস, ফ্লাইট চক্ষু হাসপাতালের পরিচালক ড্র ব্রসল ও অরবিস বাংলাদেশের সভাপতি ডাঃ খায়রুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার চার শতাংশ অন্ধত্বসহ বিভিন্ন চক্ষু রোগে ভূগছে এবং চক্ষু রোগের এই হার  এতদঞ্চলের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের চক্ষুরোগীদের মধ্যে ৭৪ দশমিক ২ শতাংশই ছানি সমস্যায় ভূগছে। পর্যাপ্ত চক্ষু চিকিৎসক না থাকায় অল্প চিকিৎসায় নিরাময় যোগ্য অনেক চক্ষুরোগীও চিরতরে অন্ধ হয়ে যাচ্ছে।

১৯৮৫ সাল থেকে অরবিস বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে। এই নিয়ে অষ্টমবারের মত অরবিসের উড়ন্ত হাসপাতাল বাংলাদেশে এসেছে। এর মধ্যে ছয়বার ঢাকায় এবং দুইবার চট্টগ্রামে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

অরবিস সূত্র জানিয়েছে, ভবিষ্যতে সিলেটেও উড়ন্ত হাসপাতাল থেকে চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে ।

বাংলাদেশ থেকে উড়ন্ত হাসপাতাল থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে।

এই পর্যন্ত বিশ্বের ৮৫টি দেশে অরবিস চিকিৎসা সেবা দিয়েছে।