গাজীপুরে বনভূমি দখলের অভিযোগে পারট্রেক্সের বিরুদ্ধে মামলা
গাজীপুর সদরের কাউলতিয়া এলাকায় সংরক্ষিত বনভূমি দখল ও বনবিভাগের শ্রমিকদের মারপিট করার অভিযোগে পারটেক্স রিয়েল এস্টেটের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজেন্দ্রপুর বিটের রেঞ্জার গোলাম মর্তুজা বাদি হয়ে শনিবার জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় পারটেক্সের ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, কাউলতিয়ার বাহাদুর মৌজার সিএস ৩০০ দাগের সরকারি সংরক্ষিত বনভূমিতে গত ১৭ নভেম্বর সকালে পারটেক্সের লোকজন অংশীদারিত্বের ভিত্তিতে সৃজিত বনভূমির গাছ কেটে বুলডোজার দিয়ে মাটি সমান করতে থাকে।
খবর পেয়ে স্থানীয় বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গেলে পারটেক্সের মো. শফি রমিজউদ্দিন, মো. মোস্তফা, হারুন ও সাইজুদ্দিনের নেতৃত্বে ২০/২২ কর্মকর্তা-কর্মচারী তাদের ওপর হামলা চালায়। তাদের দা ও লাঠির আঘাতে বনপ্রহরী ইমান আলী ও আ. মোতালেব গুরুতর আহত হয়। আহতরা গাজীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
উল্লেখ্য, পারটেক্সের কটন ও বেভারেজের বিরুদ্ধে সরকারি জমি দখলের বেশ ক’টি মামলা রয়েছে।
