২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক দেবশিশুকে ঘিরে ঢাকা মেডিকেলে ভীড়, অনেকে দত্তক নিতে আগ্রহী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডের বেডে আশ্রয় পেয়েছে মোহাম্মদপুরের বেড়িবাঁধে কুড়িয়ে পাওয়া সেই ফুটফুটে নবজাতকটি। তার পুরো শরীর তুলোর ব্যান্ডেজে মোড়া।

নিজস্ব প্রতিবেদক

জান্নাতুল ফেরদাউস,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

শনিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রায় অলৌকিকভাবে বেঁচে ওঠা দেবশিশুটিকে দেখতে একের পর এক আসছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। কেউ এসেছেন নবপ্রাণের কন্যাশিশুটিকে দেখতে। আবার অনেকে চান তাকে দত্তক নিতে। শিশুটির জন্য একটি গোলাপী জামা নিয়ে এসেছেন একজন নিম্নবিত্ত মহিলা। হাসপাতালের আয়া অনেক আদরে তাকে জামাটি পরিয়ে দেন।

নগরীর মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধের এক নির্জন স্থানে বৃহস্পতিবার একরত্তি শিশুটিকে কুড়িয়ে পান রিকশাচালক সিদ্দিকুর রহমান। তখন সদ্যজাতর কোমল দেহ কাকের ঠোক্করে ক্ষতবিক্ষত। কচিকন্ঠে আর আর্তনাদেরও যেনো শক্তি নেই। মুমূর্ষু শিশুটিকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে ওই রিকশাচালকই তাকে ভর্তি করান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

তিনদিন বয়সী শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শাহ আলম তালুকদারের তত্ত্বাবধানে রয়েছে। ডা. শাহ আলম তালুকদার বিডিনিউজকে জানান, শিশুটির মুখের ডান দিকের চোয়ালের চামড়া, মাংস ও হাড় কাক ঠুকরে গর্ত করে ফেলেছে। তার বাম হাত এবং বাম পায়েও সৃষ্টি হয়েছে গভীর ক্ষত।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে শিশুটির পুরো শরীর তুলোর ব্যান্ডেজ দিয়ে মুড়ে দেওয়া হয়। জীবন্মৃত শিশুটিকে বাঁচাতে সাথে সাথে দেওয়া হয় স্যালাইন। নল দিয়ে তরল খাবারের ব্যবস্থা করা হয়।

জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে দেখাশোনা করার জন্য একজন আয়ার ব্যবস্থা করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষই শিশুটির চিকিৎসার ব্যয় বহন করছেন। তারা চিন্তা-ভাবনা করছেন, নবজাতকের ক্ষত ভালো হলে প্লাস্টিক সার্জারি করার।

ডা. শাহ আলম তালুকদার আরো জানান, হাসপাতালেরই একজন প্রসূতি মা শিশুটিকে দত্তক নিতে আগ্রহী। তিনি বাচ্চাটিকে বুকের দুধ খাওয়ানোর আগ্রহও প্রকাশ করেছেন। তবে কর্তৃপক্ষ শিশুটি একেবারে সেরে ওঠা না পর্যন্ত তাকে দত্তক দেওয়ার কথা ভাবছেন না।