২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের অনাগ্রহে দেশে এখনও চালু হয়নি কমিউনিটি রেডিও

বিশ্বের বেশিরভাগ দেশে চালু থাকলেও বাংলাদেশে এখনও শুরু হয়নি কমিউনিটি রেডিও’র ব্যবহার। অথচ স্থানীয় পর্যায়ে তথ্য প্রদান, ই-লার্নিং, বিনোদন, দুর্যোগ মোকাবেলা ও জনগণের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ মাধ্যমে হতে পারে কমিউনিটি রেডিও।

নিজস্ব প্রতিবেদক

আরাফাতুল ইসলাম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

উপকূলীয় অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় ১৯৯৭ সালে কমিউনিটি রেডিও চালুর উদ্যোগ নেয় ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)। কিন্তু সে সময় সরকারের কাছ থেকে অনুমতি না মেলায় এটি চালু করা যায়নি। এ বিষয়ে এমএমসি এর নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু বিডিনিউজকে জানান, ‘আমাদের দেশের উপকূল অঞ্চলে মাঝে মাঝেই জলোচ্ছ্বাস, ঘুর্ণিঝড় ইত্যাদি হয়ে থাকে। এতে উপকূলবাসীর পাশাপাশি সমুদ্রে মাছ ধরা জেলেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা এক নিরীক্ষায় দেখেছি, সমুদ্রের একটু গভীরে বাংলাদেশ বেতারের প্রচলিত সম্প্রচার ঠিকভাবে শোনা যায় না। জেলেরা অনেক সময় আধুনিক ভাষায় প্রদত্ত দুর্যোগকালীন সিগন্যাল বুঝতে পারে না। কমিউনিটি রেডিও এসব সমস্যা দূর করতে পারে। কারণ নির্দিষ্ট কমিউনিটির আঞ্চলিক ভাষা ব্যবহার করে খুব দ্রুত উপকূলবাসীকে তথ্য প্রদান করা সম্ভব।’

কমিউনিটি রেডিও চালু করা প্রসঙ্গে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এইচএম বজলুর রহমান বিডিনিউজকে জানান, বিগত ৬ বছর ধরে আমরা দেশে কমিউনিটি রেডিও চালু করার জন্যে সরকারের সাথে অ্যাডভোকেসি করে যাচ্ছি। এ ব্যাপারে তথ্য মন্ত্রনালয় হতে বলা হয়ে থাকে, বেতার সম্প্রচারের জন্য একটি সমন্বিত নীতিমালা প্রস্তুত করা হবে এবং উক্ত নীতিমালায় কমিউনিটি রেডিও’র অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হবে। তবে, বিভিন্ন সময়ে মন্ত্রনালয় থেকে আশংকা প্রকাশ করা হয় যে, কমিউনিটি রেডিও সেন্টার হাইজ্যাক হতে পারে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হতে পারে। কিন্তু কমিউনিটি রেডিও সেন্টারের সম্প্রচার এরিয়া মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে। এটি হাইজ্যাক হলে বিটিআরসি চাইলেই রেডিও জ্যাম করে দিতে পারবে। আর কমিউনিটি রেডিও’র শর্ত হচ্ছে, এটি অরাজনৈতিক ব্যক্তি দ্বারা ও সরকারের প্রতিনিধি সহ কমিউনিটির সর্বস্তরের প্রতিনিধিত্ব যুক্ত কমিটি দ্বারা পরিচালিত হতে হবে। সুতরাং এটি রাজনৈতিকভাবে ব্যবহারেরও কোন সুযোগ নেই।’

দেশে সম্প্রচার আইন পাস না হওয়ায় কমিউনিটি রেডিও চালু করা যাচ্ছে না বলে জানান ভয়েসেস অব ইন্টারঅ্যাকটিভ চয়েজ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (ভয়েস) এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন। তিনি বিডিনিউজকে বলেন, ‘নতুন সম্প্রচার আইন পাস করা হলে কমিউনিটি রেডিও চালু করতে তেমন কোন বাধা থাকবে না। আমরা চাই, এই আইনের দ্রুত বাস্তবায়ন।’

সংশ্লিষ্ট সুত্র জানায়, বাংলাদেশে ২০০৩ সালে সম্প্রচার আইন বিষয়ে একটি খসড়া তৈরি করা হয়। ঐ বছরের জুন মাসে তথ্য মন্ত্রনালয়ের নির্দেশে এশিয়া প্যাসিফিক ইন্সটিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি) সম্প্রচার আইন বিষয়ে এই খসড়া তৈরি করে। তবে বিগত আড়াই বছরেও সেই খসড়া আইন পাস হয়নি। তথ্য মন্ত্রনালয়ের সাথে কয়েকবার যোগাযোগ করেও এ সংক্রান্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে ভয়েস, ইপসা, ফোকাস, বিএনআরআরসি, এমএমসি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান কমিউনিটি রেডিও চালু করার চেষ্টা করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোন সহযোগিতা না পাওয়ায় এসব প্রতিষ্ঠানের চেষ্টা সফল হচ্ছে না।

সাধারন রেডিও সেটের পাশাপাশি বর্তমানে অনেক মোবাইল ফোন সেট ও মিউজিক ডিস্কের সাথেও রয়েছে বিল্টইন এফএম রেডিও সুবিধা। কমিউনিটি রেডিও চালু হলে আগ্রহী শ্রোতারা এই এফএম ব্যবহার করে স্থানীয়ভাবে সম্প্রচারিত অনুষ্ঠানমালা শুনতে পারবেন।

উল্লেখ্য, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল ও শ্রীলংকায় কমিউনিটি রেডিও চালু আছে। ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কমিউনিটি রেডিও ব্যবহার করা হচ্ছে। তথ্য বিভাজন দূরীকরণেও কমিউনিটি রেডিও বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।