২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের চ্যালেঞ্জ মোকাবেলায় আমি প্রস্তুত: বিডিনিউজকে মির্জা ফখরুল

নতুন দায়িত্বপ্রাপ্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চ্যালেঞ্জ মোকাবেলায় আমি প্রস্তুত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 01:46 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

তিনি হজ্ব ফ্লাইট নিয়ে চলমান সংকটের কথা স্বীকার করে বলেন, আমি আশা করছি, সকলের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এ সংকটের সমাধান করা যাবে।

শনিবার গুলশানের বাসভবনে বিডিনিউজের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি একথা বলেন। এ সময় বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের ফুলের তোড়া দিয়ে নয়া বিমান প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

হজ্ব ফ্লাইট নিয়ে কেলেঙ্কারির জের ধরে বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন পদত্যাগ করেন। সরকার শুক্রবার দায়িত্ব পুনর্বন্টন করে কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুলকে বিমান প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

বিমান প্রতিমন্ত্রী বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়া বেশ একটা চ্যালেঞ্জিং বিষয় বলে আমি মনে করছি। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমি আশাবাদী।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে বিমানের আশু সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।

জোট সরকারের আগামী এক বছরে লোকসানী প্রতিষ্ঠান বিমানকে চাঙ্গা করতে তিনি কোনো সংস্কার কর্মসূচি গ্রহণ করবেন কি না, এ প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, রোববার বিমান মন্ত্রণালয়, বিমান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আমি আলাদা আলাদাভাবে বসবো। এ সব বৈঠকে আমরা সবাই মিলে সমস্যাগুলো কি কি তা চিহ্নিত করার চেষ্টা করবো।

তিনি বলেন, আমার প্রথম কর্তব্য হবে আশু সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া। তবে রাতারাতি সব সমস্যা হয়তো সমাধান করা সম্ভব হবে না। কিন্তু আমরা আন্তরিক হলে, সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই বেশ কিছু সমস্যার সমাধান করা সম্ভব।

তিনি আরও বলেন, সকলে আন্তরিকভাবে চেষ্টা করলে নিশ্চয়ই জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানকে একটা সন্মানজনক অবস্থানে নিয়ে আসা সম্ভব। তবে এ জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।