২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ আব্দুর রহমানের জামাতা, ইসলামী ছাত্র সেনা সভাপতিসহ ৯ জঙ্গি গ্রেপ্তার

ঠাকুরগাঁও থানা পুলিশ শুক্রবার বিকেলে দেশের শীর্ষ জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমানের জামাতাসহ ছয় জঙ্গিকে গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

এছাড়াও ১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে সাদা পোষাকের পুলিশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি গোলাম মোহাম্মদ ভুইয়া মানিককে ঢাকায় গ্রেপ্তার করে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও থানা পুলিশ জেলার পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকা থেকে শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আউয়াল সহ ছয় জঙ্গিকে গ্রেপ্তার করে। এছাড়াও পুলিশ এদিন সকালে রানীসংকৈল থেকে তালিকাভুক্ত এক জঙ্গিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের ঠাকুরগাঁও থানা পুলিশ সুপার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে তারা পঞ্চগড়-দিনাজপুর গেটলক বাসে করে যাওয়ার সময় ঠাকুরগাঁও থেকে বাসটিকে ঘেরাও করে ছবি দেখে সনাক্ত করে আউয়াল এবং বাকি চার জঙ্গিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা কোথায় যাচ্ছিল তা পুলিশ জানা যায়নি।

পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুর রহমানের জামাতা আউয়ালও রয়েছে।

এদিকে শুক্রবার সকালে জেলার রাণীসংকৈল উপজেলার ভাংবাড়ি গ্রাম থেকে জেএমবির তালিকাভুক্ত জঙ্গি আব্দুল লতিফকে (২৫) গ্রেপ্তার করে। সে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে বলে পুলিশকে জানায়।

এদিকে ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ডিবি এবং স্পেশাল ব্রাঞ্চ রাজধানীর পল্টন এলাকা থেকে ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি গোলাম মোহাম্মদ ভুইয়া মানিককে বৃহষ্পতিবার রাতে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ১৭ আগস্টের বোমা হামলার সাথে তার সম্পৃক্ততার প্রমান পাওয়া গেছে।

তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

ঝালকাঠিতেও পুলিশ জেএমবি সদস্য সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে। গত নভেম্বর এখানে বোমা হামলায় দুই বিচারক নিহত হন।