২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ্ব কেলেঙ্কারি নয়, স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছি: মীর নাছির

সদ্য পদত্যাগী বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন দাবি করেছেন, হজ্ব কেলেঙ্কারি নয়, বরং স্বাস্থ্যগত কারণে তিনি পদগ্যাগ করেছেন। তিনি বলেন, “স্বাস্থ্যগত কারণে আমি পদগ্যাগ করেছি। আমার পদত্যাগপত্রে এ কথা উল্লেখ করা হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 06:23 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

শুক্রবার তার মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর নাছির এ কথা বলেন। তিনি বলেন, হজ্ব ফ্লাইট সংক্রান্ত জটিলতার অবসান বৃহস্পতিবারই হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সও বিমান কর্তৃক নির্ধারিত ১,১৫০ মার্কিন ডলারে নন-ব্যালটি হজ্বযাত্রী পরিবহনে সম্মত হয়েছে।

তিনি আরো বলেন, জ্বালানি তেলের মূল্য বাবদ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) বিমান ২০০১-০৪ সালের নভেম্বর পর্যন্ত ৯২৯ কোটি টাকা পরিশোধ করেছে। অথচ ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত এ বাবদ পরিশোধের পমিান ছিলো মাত্র ৩২১ কোটি টাকা।

মাসখানেক ধরে হজ্ব ফ্লাইট নিয়ে টানা হেঁচড়া, ৫৫ হাজারেরও বেশী নন-ব্যালটি হজ্ব যাত্রীর হজ্ব আদায় নিয়ে অনিশ্চয়তা এসব প্রসঙ্গ তুলে এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী পদত্যাগে বাধ্য হয়েছেন কি না-সাংবাদিকদের এ ধরণের প্রশ্নের জবাব সাবেক বিমান প্রতিমন্ত্রী এড়িয়ে যান।

তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে আমি যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, মন্ত্রণালয় ও বিমানের কর্মকর্তা-কর্মচারিদের কাছে আমার আহ্বান থাকবে, তারা যেনো আমার অবর্তমানেও ঠিকমত দায়িত্ব পালন করে যান। বিমান তথা দেশের ভাবমূর্তি যেনো কোনোভাবেই যেন ক্ষুন্ন না হয়।

তিনি আরো বলেন, ১৯৭৭ সাল থেকে আমি বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। যতোদিন বেঁচে আছি, সুস্থ আছি, দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবো।

এদিকে জুম্মার নামাজের পর মুসুল্লিরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে হজ্ব কেলেঙ্কারির জন্য সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাছিরের শাস্তি দাবি করা হয়।

ওলামা মাশায়েখ সমন্বয় পরিষদ শুক্রবার এক বিবৃতিতে অনুরূপ দাবি জানায়।