১৭ আগস্টের বোমা বিস্ফোরণ মামলা: শায়েখ ও বাংলা ভাইসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশীট
শেরপুরের ছয়টি স্থানে ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ইসলামী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) এর দুই প্রধান শায়েখ আবদুর রহমান ও বাংলা ভাইসহ সাতজনের বিরুদ্ধে চার্জশীট দিয়েছে পুলিশ।
বোমা হামলার প্রায় তিনমাস তদন্ত শেষে ডিবি পুলিশ এ চার্জশীট প্রদান করলো।
মামলার অপর অভিযুক্তরা হলো-শেরপুরের জেএমবি’র সদস্য মোজাহিদুল ইসলাম ওরফে সুমন, তার বড় ভাই জামায়াত কর্মী নাজমুল হাসান রিপন, হুমায়ুন কবীর শওকত, রফিকুল ইসলাম এবং আবদুল মান্নান।
এদের মধ্যে নাজমুল হাসান রিপন বর্তমানে শেরপুরের জেলা কারাগারে আটক রয়েছে।
শেরপুর ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বৃহস্পতিবার মধ্যরাতে শেরপুর জিআর ক্যানিজেন্স ম্যাজিস্ট্রেট আদালতে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৩ (ক)/৪/৬ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ এবং ১ নং টেবিলের ‘ক’ ধারা মোতাবেক এ চার্জশীট প্রদান করেন।
শেরপুরে সিরিজ বোমা হামলার পর ডিবি ও সদর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে বোমা হামলায় জড়িত সন্দেহে বজলুর রহমান, মোসলেম উদ্দিন, আজিউল্লাহ, আবদুল খালেক, আনসার আলী, আইয়ুব আলী, জাকারিয়া ও সোহেল নামে আটজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার দায় হতে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
সতের আগস্টের বোমা বিস্ফোরণের ঘটনার পর শেরপুর সদর থানার দারোগা মোখলেসুর রহমান একটি মামলা দায়ের করেন।
