নিহত বিচারকদের পরিবারে সুপ্রীম কোর্টের শোকবার্তা, আটক ব্যক্তিরা রিমান্ডে, দেশব্যাপী আইনজীবীদের আদালত বর্জন
বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুল করিম এবং ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ দলিল উদ্দিন বৃহস্পতিবার সকালে ঝালকাঠিতে বোমা হামলায় দুই বিচারক নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারা নিহত বিচারকদের বাসায় সুপ্রীম কোর্টের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন।
বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক ১১ জনের মধ্যে একজনকে সাতদিন এবং বাকিদের পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
এদিকে বোমা হামলায় বিচারক হত্যার প্রতিবাদে আইনজীবীরা বৃহস্পতিবার দেশজুড়ে আদালত বর্জনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
সুপীম কোর্ট প্রতিনিধিরা ঝালকাঠিতে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা জজশিপে কর্মরত বিচারক ও কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন।
ফজলুল করিম এবং দলিল উদ্দিন পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন বোমা হামলায় আহত জেলা জজশিপের কর্মচারি আব্দুল মান্নানকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
তারা নিহত সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ের বরিশালের বাসা এবং সোহেল আহমেদের ভোলার বাসায় শোক বার্তা পৌঁছে দেন।
ভোলায় কালীবাড়ি রোডের বাসায় সোহেল আহমেদের পরিবারের পক্ষে শোকবার্তা গ্রহণ করেন তার বাবা ডা. মুনসুর আহম্মেদ। এসময় ভোলা জেলা ও দায়রা জজ আব্দুল কুদ্দুস মিয়া, অতিরিক্ত দায়রা জজ বারেকুজ্জামান এবং বিভিন্ন আইনজীবী সংগঠনেরর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোহেল আহমেদের বাবা এসময় বলেন, আমার ছেলেকে সাবধানে থাকতে বললে সে বলতো, কতটা সাবধানে থাকবো, আমাদের ওপরইতো টার্গেট।
আইনজীবী নেতৃবৃন্দ নিহত বিচারকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে ঝালকাঠিতে বোমা হামলা চালিয়ে দুই বিচারককে হত্যার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে দেশজুড়ে আইনজীবীরা আদালত বর্জন, সভা, সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।
