নীলফামারী, রাজশাহী ও কুড়িগ্রামে ৬ জঙ্গি গ্রেপ্তার, মানিকগঞ্জে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি এরশাদ
নীলফামারী, রাজশাহী ও কুড়িগ্রাম থেকে বুধবার ৬ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এবং মানিকগঞ্জে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে গ্রেফতারকৃত এরশাদ।
বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, বুধবার ভোরে জেলার ডিমলা উপজেলা থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই জঙ্গি ১৭ আগস্ট নীলফামারীর জজ আদালত ও ডিসি অফিসসহ বিভিন্ন পয়েন্টে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী। গ্রেফতারকৃতরা হচ্ছে ডিমলার উত্তর তিতপাড়ার নেসার উদ্দিনের পুত্র নূর ইসলাম ও দক্ষিণ তিতপাড়ার খায়রুদ্দিনের পুত্র রবিউল ইসলাম।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, র্যাবের একটি বিশেষ দল বুধবার চারঘাট ও পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে জেহাদি বই ও সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-চারঘাটের টাঙ্গন এলাকার সাদ্দাম আলী (২৮) ও তাতারপুর এলাকার রফিকুল ফেরদৌস (৩২) এবং পুঠিয়ার জমিরা এলাকার মঞ্জুরুর হক মন্টু (৩৮)।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম জজ কোর্ট মোড় থেকে বুধবার দুপুরে নূর হোসেন (১৫) নামে এক সন্দেহভাজন জঙ্গিকে পুলিশ গ্রেপ্তার করে। তার কাছে জিহাদি বইসহ অডিও ও ভিডিও ক্যাসেট পাওয়া গেছে বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত নূর হোসেন উলিপুড় উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর সরকার পাড়া গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র।
এদিকে বিডিনিউজ মানিকগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গ্রেপ্তারকৃত জঙ্গি নেতা এরশাদ ওরফে মোহাম্মদ আলী (২২) সাতদিনের রিমান্ড শেষে মঙ্গলবার মানিকগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে ধামরাইয়ের এরশাদ ১৭ আগস্ট মানিকগঞ্জে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।
