২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ মৎস্য খামার নিয়ে প্রতিবেদন লেখায় বগুড়ার সাংবাদিক এক মাস ধরে এলাকাছাড়া

সিরাজগঞ্জের একটি অবৈধ মৎস্য খামার নিয়ে প্রতিবেদন লেখায় দৈনিক দিনকাল ও বগুড়া থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক বগুড়ার স্থানীয় প্রতিনিধি আবদুস সালাম প্রায় এক মাস ধরে এলাকাছাড়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 04:48 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক এলাকায় ১০ সহস্রাধিক জেলেকে জিম্মি করে ওই খামারটি গড়ে উঠেছে।

এ ঘটনায় সাংবাদিকের ওপর হামলার বিষয়ে তাড়াশ থানায় মামলা করতে গেলে আপত্তি তুলেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার মোহাম্মদ গাজ্জালী। তিনি বলে, মামলা না নেওয়ার চাপ আছে।

ঢাকায় পালিয়ে থাকা আবদুস সালাম বিডিনিউজকে জানান, গত ১৭ অক্টোবর চলনবিল এলাকার জেলে সম্প্রদায় ও তাদের জিম্মি করে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক এলাকায় গড়ে ওঠা মহিষলুটি মৎস্য খামার নামে একটি অবৈধ খামার নিয়ে দৈনিক দিনকালে সরেজমিন প্রতিবেদন ছাপা হয়। এরপর ১৯ অক্টোবর স্থানীয় সন্ত্রাসী ও অবৈধ মৎস্য খামার কমিটির নেতা ইয়াসিন, আজম, হেলাল, কাবিল, হাফিজুরসহ ১০/১২ জন সন্ত্রাসী তাকে বেপরোয়া মারপিট করে। এসময় তার কাছ থেকে কাগজে সইও নেয় সন্ত্রাসীরা। সেই সঙ্গে তারা তাকে মটরসাইকেলে করে অপহরণের চেষ্টা করে। কিন্তু স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সালাম জানান, ২০ অক্টোবর সন্ত্রাসীরা তাকে এলাকা ছাড়া করে।

সালাম আরও জানান, এ ব্যাপারে একাধিকবার থানায় যোগাযোগ করেও কোন সদুত্তর পাওয়া যায়নি। উপরন্তু বলা হয়েছে থানায় মামলা করতে আসলে জেলে পাঠিয়ে দেওয়া হবে।

তিনি জানান, এলাকা ছাড়ার পর থেকে তিনি তার পরিবার নিয়ে উদ্বিগ্ন।