পৃথক ঘটনায় স্কুল শিক্ষক ও নৈশ প্রহরী খুন
ভোলার লালমোহন এবং নেয়াখালীর বসুরহাটে পৃথক ঘটনায় একজন স্কুল শিক্ষক ও নৈশ প্রহরী খুন হয়েছেন।
বিডিনিউজ ভোলা প্রতিনিধি জানান, লালমোহন এলাকার ধলীগৌর নগর গ্রামে মঙ্গলবার সকালে গাছ থেকে সুপারি পারাকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে দায়ের কোপে স্কুল শিক্ষক আব্দুল হাই জখম হন। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে তার আত্মীয়রা জানান।
বিডিনিউজ নোয়াখালী প্রতিনিধি জানান, নেয়াখালীর বসুরহাটে আপন বিড়ি ফ্যাক্টরির নৈশ প্রহরী আবুল কাশেম (৫০)কে পিটিয়ে হত্যা করেছে ফ্যাক্টরির মালিক আব্দুল মালেক ও তার সহযোগীরা।
মঙ্গলবার বিকেলে ফ্যাক্টরির গুদামঘর থেকে পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নিহতের ছেলে জয়নাল আবেদীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
