সার্ক দেশগুলোকে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন ও জাপান
এশিয়ার প্রধান দুই অর্থনৈতিক শক্তি জাপান ও চীন সার্কের পর্যবেক্ষক মনোনীত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে এবং দক্ষিণ এশিয়ার এ গ্রুপটিকে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছে।
১৩তম সার্ক শীর্ষ সম্মেলনে আফগানিস্তানকে সার্কের সদস্য এবং চীন ও জাপানকে পর্যবেক্ষক মনোনীত করা হয়েছে। ছয় মাস পর ঢাকায় অনুষ্ঠিতব্য সার্কের মন্ত্রিপরিষদের বৈঠকে অনুসমর্থনের মাধ্যমে সম্মেলনের সিদ্ধান্ত কার্যকর হবে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও জিয়ানচাও বেইজিংয়ে বলেছেন, সার্ক দেশগুলোর সাথে অভিন্ন উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার ব্যাপারে চীন প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, চীন ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন সফলভাবে অনুষ্ঠানের বিষয়টিকে স্বাগত জানায় এবং আঞ্চলিক সহযোগিতার উন্নয়নের মাধ্যমে দক্ষিণ এশীয় দেশগুলোর অর্জন আরও বৃদ্ধি পেতে পারে বলে চীন আশাবাদী।
তিনি বলেন, চীন সার্কের পর্যবেক্ষক হওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছে। অভিন্ন উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার উন্নয়নে সার্ক সদস্যদের সাথে কাজ করার ব্যাপারে চীন পুরোপুরি প্রস্তুত বলে তিনি জানান।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার জাপানকে সার্ক পর্যবেক্ষক পদ দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, জাপান-সার্ক বিশেষ তহবিলের মাধ্যমে জাপান সার্কের কার্যক্রমে সমর্থন দিয়ে আসছে। সার্ক দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখছে, সমগ্র এশিয়ার দিক থেকে এটি একটি অখণ্ড ব্যাপার।
বিবৃতিতে বলা হয়, জাপান পর্যবেক্ষক হওয়ার প্রক্রিয়ার সাথে সমন্বয় সাধন করবে এবং সার্কের সাথে সম্পর্ক জোরদারের ব্যাপারেও রাজি আছে।
১৯৯৯ সাল থেকে জাপান সার্ক পর্যবেক্ষক হওয়ার প্রক্রিয়া চালিয়ে আসছে এবং ১৯৯৩ থেকে জাপান-সার্ক তহবিলের মাধ্যমে সহযোগিতা দিয়ে আসছে।
সার্ক সম্মেলনের সাফল্য এবং জাপানকে পর্যবেক্ষক পদ দেওয়ায় জাপানের রাষ্ট্রদূত মাতসুশিরো হোরিগুচি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
শীর্ষ সম্মেলনে ‘নতুন দশক পরিকল্পনা বাস্তবায়নের দশক’-এই প্রতিপাদ্যের আলোকে সার্ক দারিদ্র্য বিমোচন তহবিল গঠন, সাফটা বাস্তবায়ন, সন্ত্রাস দমনের অঙ্গীকারসহ বিভিন্ন বাস্তবায়ন পদক্ষেপের প্রশংসা করেন হোরিগুচি।
আফগানিস্তানকে সদস্য করা এবং চীন ও জাপানকে পর্যবেক্ষক পদ দেওয়ার বিষয়টি আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সার্ককে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে বলে তিনি জানান।
হোরিগুচি বলেন, আগামী ছয়মাস পর অনুষ্ঠিতব্য সার্ক মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।
