২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাসন ব্যবস্থার উন্নয়ন না হলে দাতাগোষ্ঠি সহায়তার বিষয়টি পুর্নবিবেচনা করবে

উন্নয়ন সহযোগিরা মঙ্গলবার সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, হরতাল, সহিংসতা এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের কারণে দেশের উন্নয়ন উদ্যোগগুলো বাধাগ্রস্ত হলে তারা তাদের সহায়তার বিষয়টি পুর্নবিবেচনা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল বলেন, আগামী ১৫ মাস ধরে হরতাল, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার হাতে দেশ জিম্মি হয়ে পড়লে পিআরএসপি এবং এ ধরণের অন্যান্য আকাঙ্খা বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ও তাদের সমর্থন দেয়ার বিষয়টি পুর্নবিবেচনা করতে বাধ্য হবে।

তিনি বলেন, সরকার দেশের শাসন ব্যবস্থার উন্নয়ন, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি দূরীকরণ এবং অবকাঠামোগত উন্নতি না ঘটাতে পারলে জনগণ দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি)’র সুবিধা থেকে বঞ্চিত হবে।

মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে তিন দিন ব্যাপী দারিদ্র বিমোচন কৌশল (পিআরএসপ) বাস্তবায়ন ফোরাম ২০০৫’র ১ম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৈঠকের উদ্বোধন করেন।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, এশীয় উন্নয়ন ব্যাংকের মহা ব্যবস্থাপনা পরিচালক ইয়াং হোই লি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উপদেষ্টা টম রমবাগ বক্তব্য রাখেন।

মন্ত্রী, দাতাদেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে সাইফুর রহমান বাংলাদেশের অর্জন ও গুরুত্বপূর্ণ উন্নয়ন চ্যালেঞ্জসমূহ নিয়ে বক্তব্য রাকেন। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি’র প্রতিনিধিবৃন্দ দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা এবং পিআরএসপি বাস্তবায়নে বাংলাদেশকে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার ওপর আলোকপাত করেন।

ইয়াং হোই লি বলেন, পিআরএসপি’র জন্যে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও সিভিল সার্ভিসের কার্যকর পরিচালনা।

বাংলাদেশের সফলতা স্বীকার করে প্রফুল সি প্যাটেল বলেন, দেশটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভাল অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, বাংলাদেশ আর সম্পূর্ণ সাহায্য নির্ভরশীল একটি দেশ নয়।

আইএমএফ’র প্রতিনিধি টম রামবাগ বলেন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন কার্যকর করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।

দাতাগোষ্ঠি বলেন, পিআরএসপি’র বাস্তবায়ন সময়োপযোগি এবং জটিল একটি বিষয়। কিন্তু বাংলাদেশের এ ধরণের চ্যালেঞ্জ মোকাবেলার সাহস রয়েছে।

বৈঠকে র্অথমন্ত্রী তার বক্তব্যে বলেন, পিআরএসপি’র বাস্তবায়নে দাতাগোষ্ঠির সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আগামী দুই দিনের আলোচনা নিশ্চয়ই এ ব্যাপারে সুনির্দিষ্ট সুপারিশ এবং পিআরএসপির সঠিক বাস্তবায়নের ব্যাপারে দিক নির্দেশনা পাওয়া যাবে।

সম্পাদিত কাজ বিবেচনার মাধ্যমে তিনি দাতাগোষ্ঠির সহায়তা আশা করেন। উন্নয়ন সহায়তা তহবিল যথাশিঘ্র ছাড়ের ব্যাপারে মন্ত্রী বিশ্বব্যাংককে অনুরোধ করেন।

২০০৪ সালের ৮ থেকে ১০ মে ঢাকায় বিডিএফ’র সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।