২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় র‌্যাব ও পুলিশ প্রহরায় ড. গালিবকে আদালতে হাজির

বগুড়ায় র‌্যাব ও পুলিশের ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে মঙ্গলবার সকালে সন্দেভাজন জঙ্গি নেতা ড. আসাদুল্লাহ গালিবকে বোমা বিস্ফোরণে হত্যা ও বিস্কোরক উদ্ধার মামলায় দ্বিতীয় স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়েছে। এ সময় মামলার অন্য আসামিদের মধ্যে মোস্ট ওয়ান্ডেড শায়খ আবদুর রহমান ছাড়া বাকি তিন জনকেও হাজির করা হয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বেলা ১১টায় র‌্যাব ও পুলিশের ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে ড. গালিব, জয়নাল সরকার, তার স্ত্রী মনোয়ারা ও শফিকুল্লাহকে জেলা কারাগার থেকে পুলিশ ভ্যানে আদালতে আনা হয়। এ সময় ড. গালিবকে খুবই উৎফুল্ল দেখাচ্ছিল। আদালত চত্বরে প্রবেশাধিকার সংরক্ষিত ছিলো। নেয়া হয়েছিলো কড়া নিরাপত্তা ব্যবস্থা।

র‌্যাবের সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে ব্যাগ ও দেহ তল্লাশি চালায়। আদালত আসামিদের জামিন শুনানি শেষে আগামী বছরে ৮ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। মামলার অন্যতম আসামি জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া আগেই জারি হয়েছে। সরকার পক্ষে এপিপি আলী আজগর ও আসামী পক্ষে কায়সারুজ্জামান শুনানিতে অংশ নেন।

ড. গালিব ও তার আইনজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বন্ধ হওয়া বেতন-ভাতার চালু করার ব্যাপারে পদক্ষেপ নেবার অনুরোধ জানান। চেকে স্বাক্ষর করতে না পারায় ব্যাংক থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে পরিবারের সদস্যরা কষ্ট পাচ্ছেন বলে তারা আদালতকে অবহিত করেন।

গত ১৪ জানুয়ারি রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার লক্ষীকোলা গ্রামে নাট্যানুষ্ঠানে বোমা হামলায় শফিকুল ইসলাম নামে এক রিকশা চালক নিহত ও মহিলাসহ অন্তত ৪০ জন আহত হন। অন্যদিকে গাবতলী উপজেলার চকসদু গ্রামে জেএমবি ক্যাডার জয়নাল সরকারের বাড়ি থেকে পুলিশ অত্যাধুনিক বোমা তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও ইলেকট্রনিক্স সার্কিট উদ্ধার করে। সে সময় পুলিশ জয়নালের ¯ত্রী মনোয়ারা ও জেএমবি বোমা স্কোয়াডের সদস্য শফিকুল্লাহকে গ্রেফতার করে।