২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাবের গুলিতে যুবলীগ সভাপতিসহ ৩ জন আহতাবস্থায় গ্রেপ্তার

র‌্যাব-৬ এর সদস্যদের গুলিতে মঙ্গলবার খুলনা জেলা যুবলীগের সভাপতিসহ তিনজন আহত হয়েছে। আহতাবস্থায় একটি এম ১৬ রাইফেল ও চার রাউন্ড গুলিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

র‌্যাব ৬ সূত্র জানায়, মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে নগরীর খান এ সবুর রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ের পাশে অনিক টেলিকম ভবনের দোতলা থেকে এম ১৬ রাইফেল ও চার রাউন্ডগুলিসহ যুবলীগ সভাপতি কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত অপর দু’জন হলো-যুবলীগের প্রচার সম্পাদদক বাবুল মজুমদার ও শেখ এনামুল হক। গ্রেপ্তারের সময় ওই তিনজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে গেলে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে তিনজনই পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

পরে র‌্যাব সদস্যরা তাদেরকে অনিক টেলিকম থেকে চোখ বেধে টেনে হিচড়ে নিয়ে যায়।

অন্যদিকে যুবলীগ এ ঘটনাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বুধবার খুলনায় অর্ধদিবস হরতাল আহ্বান করেছে। গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

তবে র‌্যাব সদর দপ্তর থেকে বলা হয়েছে ওই তিনজন অস্ত্র ব্যবসায়ী হিসেবে অস্ত্র কেনাবেচার সাথে জড়িত।