ঝালকাঠিতে বোমা হামলায় ২ বিচারক নিহত হওয়া ঘটনায় ১১ জন আটক, জেলায় বুধবার অর্ধদিবস হরতাল
ঝালকাঠিতে সোমবার বোমা হামলায় দু’জন বিচারক নিহত হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে মঙ্গলবার সকাল পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।
এদিকে বিচারক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ বুধবার জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে। ঝালকাঠির আইনজীবীরা মঙ্গলবার আদালত বর্জন ও শোক সভা করেছে।
ঘটনার তদন্তে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতদের মধ্যে জগন্নাথ পাঁড়ের শেষকৃত্য মঙ্গলবার সকালে বরিশাল মহাশ্মশানে অনুষ্ঠিত হয়েছে।
ঘটনাস্থলে আটক মামুনের কাছ থেকে উদ্ধারকৃত বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে র্যাব।
পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্যে আটককৃতদের মধ্যে মঙ্গলবার সকালে থানায় নেয়া হয় কুতুবনগর দাখিল মাদ্রাসার সুপার, সদর উপজেলা জমিয়াতুল মোদারেসীন এর সম্পাদক ও উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নানকে। সোমবার রাতে থানায় নেয়া হয়-রিপন, কামাল হোসেন, সুলতান, হাফিজুল ইসলাম, শহিদুল খান, আবুল কালাম, সাইদুল ইসলাম, মাজেদুল ইসলাম, বাচ্চু হাওলাদার এবং সমীর হোসেন। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের গ্রেপ্তার দেখানো হয়নি।
জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে শহরে শোকর্যালি বের করে। শহরের বিভিন্ন রাস্তা পরিদর্শনের সময় শোকর্যালিটি বিক্ষোভ মিছিলে পরিণত হয়। র্যালিতে অংশ গ্রহণকারীরা কালো পতাকা বহন করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার মো. শাহ আলম। তারা বুধবার ঝালকাঠিতে অর্ধদিবস হরতাল ডেকেছে।
এদিকে ঢাকা থেকে আসা সিআইডির একটি টিম মঙ্গলবার সকালে বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। ইন্সপেক্টর মনসুর আলী মণ্ডল সাত সদস্যের এ টিমের নেতৃত্ব দেন।
অন্যদিকে সোমবারের বোমা হামলার ঘটনায় ঝালকাঠি জেলা আইনজীবীরা মঙ্গলবার কোর্ট বর্জন করেন। এছাড়া তারা শোকসভা ও মৌনমিছিল করেছে।
শোকসভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাড. হায়দার হোসাইন, এম আলম খান কামাল এবং হুমায়ুন কবির বাবুল।
ঝালকাঠিতে বোমা হামলাকারী হিসেবে আটক মামুনের কাছ থেকে উদ্ধার করা বোমাটি র্যাব সদস্যরা মঙ্গলবার সকালে থানা এলাকায় নিস্ক্রিয় করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, উদ্ধারকৃত বোমা ও বিস্ফোরিত বোমার সঙ্গে ১৭ আগস্টের বোমার মিল রয়েছে।
এদিকে বোমা হামলার ঘটনাস্থল থেকে আহতাবস্থায় আটক মামুনের বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ সোমবার রাতে জঙ্গি সংগঠনের কিছু বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
পুলিশ জানায়, শহরের কৃষ্ণকাঠির ওই বাসায় মামুন মধু বিক্রেতা পরিচয়ে ভাড়া থাকতো। তার সাথে আরো দু’জন ছিলো। তাদের একজন রিক্শাচালক এবং একজন দিনমজুর পরিচয়ে ছিলো। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।
সোমবার সকালে বাসা থেকে অফিসে আসার পথে বোমা হামলার স্বীকার হয়ে সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে নামে ঝালকাঠির দু’জন সিনিয়র সহআরী জজ নিহত হন। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমাসহ মামুন নামে একজনকে পুলিশ আটক করে। রাতে তাকে আসামি করে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে রাজশাহী পুলিশ মামুনের রাজশাহীর নিজ বাড়ি থেকে তার বাবা এবং ভাইকে গ্রেপ্তার করেছে।
মামুনকে চিকিৎসার জন্যে ঢাকা পাঠানো হয়।
এদিকে বিডিনিউজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, মঙ্গলবার বেলা পৌনে ৩টায় মামুনকে হাসপাতালের ক্যাজুয়্যালটি বিভাগে আনা হলে সেখানকার ডাক্তাররা তার ডান পা কেটে ফেলার পরামর্শ দেন। তারপর তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
