খুলনায় তিনশিশুসহ পাঁচ জনের রক্তে এইচআইভি পজেটিভ
খুলনার বটিয়াঘাটা উপজেলার এক পল্লীতে একই পরিবারের তিনশিশুসহ পাঁচ জনের রক্তে এইচআইভি পজেটিভ ধরা পড়েছে।
বিষয়টি পুনরায় পরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য সোমবার রাতে তাদেরকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডায়রিয়ার কারণে ৮ নভেম্বর খুলনা শিশু হাসপাতালে দেড় বছরের একটি শিশুকে ভর্তি করা হয়। শিশুটি দীর্ঘ দিন ধরে ডায়রিয়া রোগে ভুগছিলো।
রোববার অসুস্থ শিশু শরীরে রক্ত দেওয়ার জন্য খুলনা জেনারেল হাসপাতালে তার পিতার রক্ত পরীক্ষা করা হয়। এ সময় পিতার রক্তে এইচআইভি পজেটিভ ধরা পড়ে। পরে অসুস্থ শিশুটির রক্ত পরীক্ষা করে তার রক্তেও এইচআইভি পজেটিভ পাওয়া যায়।
সোমবার ওই শিশুর মা এবং পরিবারে আরো দুই শিশুর রক্ত পরীক্ষা করা হলে তাদের শরীরেও এইচআইভি ধরা পড়ে।
এদিকে খবর পেয়ে বেসরকারি সংস্থা কেয়ারের কর্মকর্তারা হাসপাতালে যান। পরে তাদের তত্ত্বাবধানে সোমবার রাতেই তাদের ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।
