২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ৩টি নকল বোমা উদ্ধার, আতংক

রাজধানীর বিমানবন্দর থানার উত্তরা মহিলা মেডিকেল কলেজ থেকে মঙ্গলবার সকালে র‌্যাব ও পুলিশ সদস্যরা স্কচটেপ মোড়ানো ৩টি নকল বোমা উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এদিকে কলেজ, হাসপাতালসহ পুরো এলাকায় বোমাতংক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ শিক্ষার্থী, শিক্ষক, নার্স ও রোগিদের কলেজ ও হাসপাতাল বের করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

পুলিশ জানায়, সকাল ৮টায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি টেলিফোন করে কলেজের চতুর্থ তলায় বোমা পাতা আছে বলে জানায়। এই খবরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতংক।

পরে র‌্যাব-১ ও বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সকাল ৯টায় কলেজের চতুর্থ তলা থেকে নকল বোমার কৌটাগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানার এসআই মঈনউদ্দিন আহমেদ বিডিনিউজকে জানান, কৌটাগুলো বোমা সন্দেহে উদ্ধারের পর পরীক্ষা করে তাকে তেমন কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ওষুধের কৌটাগুলোর ভেতর আটা ও হলুদের গুঁড়ো ভরে রাখা হয়েছিলো। এছাড়া কৌটার বাইরে তার ও স্কচটেপ মোড়ানো এবং ক্যাপাসিটর লাগানো অবস্থায় পাওয়া যায়।

এসআই মঈন বলেন, আতংক ছড়ানোর জন্যই কেউ এ কাজ করতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।