সরকারি উদ্যোগে পিআরএসপি বাস্তবায়ন ফোরামের বৈঠক মঙ্গলবার শুরু
বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) পরিবর্তে সরকার মঙ্গলবার দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) বাস্তবায়ন ফোরাম ২০০৫’র তিন দিন ব্যাপী ১ম বৈঠক আয়োজন করতে যাচ্ছে।
সোমবার অর্থমন্ত্রণালয়ের কার্যালয়ে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে বৈঠকের পর বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক জানান, বাংলাদেশ প্রথমবারের মতো এ ধরণের বৈঠকে সভাপতিত্ব করবে। এরআগে আয়োজিত বৈঠক দাতাগোষ্ঠিই সভাপতিত্ব করতো।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বৈঠকের উদ্বোধন করবেন।
ফোরামের বৈঠকে পিআরএসপি’র বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হবে এবং উন্নয়ন সহযোগিরা পিআরএসপিতে তাদের অর্থায়ন ও বাস্তবায়ন পক্রিয়া নিয়ে আলোচনা করবে।
ওয়ালিক জানান, মঙ্গলবারের বৈঠকে সংগ্রহ নীতিমালা, দুর্নীতি, ব্যয় ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলাসহ সুশাসনের বিভিন্ন ইস্যুর ওপর আলোকপাত করা হবে।
তিনি বলেন, বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, মানব উন্নয়ন, অবকাঠামো, শাসন, বিচার বিভাগের সংস্কার এভং গ্যাস ও বিদ্যুৎ খাতের সংষ্কারের মতো সামাজিক ইস্যুগুলোকে প্রাধ্যান্য দেয়া হবে।
তিনি আরও জানান, পিআরএসপি’র লক্ষ্য পূরণে দাতারা সাহায্য ও ঋণ দেওয়ার জন্যে কোন কোন খাতে অগ্রাধিকার দিবেন তা নিয়ে আলোচনা করবেণ্
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফুর রহমান বলেন, পিআরএসপি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।
তিনি বলেন, পিআরএসপির জন্যে আটটি বিষয় নির্ধারণ করা হয়েছে।
গণসংগ্রহ আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে সাইফুর রহমান বলেন, গুরুত্ব বিবেচনা করে সরকার ঈদের পর দ্রুত একটি মন্ত্রীপরিষদ কমিটি গঠন করেছে।
আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই আইন প্রণয়ণের মাধ্যমে সরকার বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও আইএমএফ’র মতো সংগ্রহ নীতিমালায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চায়।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল এবং এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক ও আইএমএফ’র প্রতিনিধিরা বৈঠকে বক্তব্য রাখবেন।
