ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে চোর নিহত, সহযোগীদের হামলায় আহত ৫
ব্রাহ্মণবাড়িয়া শহরে সোমবার গনপিটুনিতে বিদ্যুতের তার চোর নিহত হয়েছে এবং পরে তার সহযোগীদের হামলায় আহত হয়েছে পাঁচজন।
নিহতের নাম শাহীন (২৫)। সে বিদ্যুতের তার চুরির সংঘবদ্ধ দলের নেতা এবং মাদকসেবী। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাতে পুনিয়াউট মহল্লার নগরবাড়ি পাড়ায় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী জসীম মিয়ার বাড়িতে বিদ্যুতের তারের কয়েল চুরি করতে গেলে আশেপাশের লোকজন টের পেয়ে শাহীনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর পর শাহীনের সহযোগীরা উত্তেজিত হয়ে পুনিয়াউট এলাকার পাঁচটি বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট চালায়। এতে পাঁচ জন আহত হয়।
