২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দশকে ধারণাসমূহ কাজে পরিণত করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো সার্ক শীর্ষ সম্মেলন

বিগত দুই দশকের চিন্তা-ভাবনা ও ধারনাসমূহ বাস্তবায়নের মাধ্যমে একটি অর্থনৈতিক ইউনিয়ন প্রতিষ্ঠায় সার্ক নেতৃবৃন্দের অঙ্গীকার ব্যক্ত করার মধ্যে দিয়ে রোববার শেষ হয়েছে ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

সম্মেলনে গৃহীত ঢাকা ঘোষণায় সার্কের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সার্কের তৃতীয় দশককে বাস্তবায়নের দশক হিসেব উল্লেখ করে সার্কের সব সহযোগী প্রতিষ্ঠান ও কৌশলসমূহকে সমন্বিত করে এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সার্ক নেতৃবৃন্দ বলেন, সাফটাকে পরিকল্পিত এবং ধারাবাহিকভাবে দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়নে পরিণত করা হবে। তিনি বলেন, সাফটার বাস্তবায়ন হবে এ পথের একটা ঐতিহাসিক মাইলফলক।

সার্ক সম্মেলনে গৃহীত ঢাকা ঘোষণায় বলা হয়, এ অঞ্চলের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় এর আগের দুই দশকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন করতে হবে।

সার্ক নেতৃবৃন্দ সার্কের তৃতীয় দশককে বাস্তবায়নের সময়ে পরিণত করার লক্ষ্যে স্ট্যান্ডিং কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সার্ক নেতৃবৃন্দ ২০০৬-২০১৫ সালকে দারিদ্র বিমোচন দশক হিসেবে ঘোষণা দেন এবং এ সময়ে দক্ষিণ এশিয়াকে দারিদ্রমুক্ত করতে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টার কথা বলেন।

সম্মেলনের সমাপনি অধিবেশনে ঢাকা ঘোষণা গৃহীত হওয়ার পর সার্কের চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, সার্ক অনেক সুযোগ সুবিধার দুয়ার খুলে দিয়েছে, আসুন আমরা এসব সুযোগের পূর্ণাঙ্গ ব্যবহার করি।

তিনি বলেন, আসুন সার্ককে একটি কার্যকর সহযোগিতার ক্ষেত্র হিসেবে পরিণত করতে আমরা আমাদের দায়িত্ব কি হতে পারে তা নির্ধারণ করে নেই। যার ফলে আমাদের দেশ ও সাধারণ মানুষ উপকৃত হতে পারে।

দারিদ্র বিমোচনের মতো ইস্যুগুলো সমাধানের জন্যে একটি বিশেষ ফোরাম গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সার্ক নেতৃবৃন্দ মন্ত্রী এবং সচিবদের নিয়ে তিন স্তরের পরিবর্তে দুই স্তর বিশিষ্ট কৌশলের কথা বলেন।

সার্ক নেতৃবৃন্দ দক্ষিণ এশীয় দারিদ্র বিমোচন তহবিল (এসপিএএফ) গঠনের কথা উল্লেখ করেন। এজন্যে অর্থনৈতিক বিশেষজ্ঞদের পরামর্র্শ অনুযায়ী মন্ত্রীদের পরিকল্পনা গ্রহণ এবং কৌশল নির্ধারনের কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, সাফটার বিভিন্ন অমিমাংসিত ইস্যুর সমাধান ২০০৫ সালের নভেম্বর মাসের মধ্যেই সম্পন্ন করে ২০০৬ সালের জানুয়ারি থেকেই সাফটাকে কার্যকর করতে হবে।

সাফটার সূযোগকে আরো বিস্তার করে আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয়ের কথা বলেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ সার্ক দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য ব্যবস্থা জোরদার করতে রোববার তিনটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিগুলো হচ্ছে শুল্কখাতে সমঝোতা, সার্ক সালিশ নিস্পত্তি পরিষদ এবং দ্বৈত কর পরিহারে প্রশাসনিক সহযোগিতা।

নেতৃবৃন্দ বাণিজ্য সুবিধা বৃদ্ধি ছাড়াও সার্ক জাতিগুলোর মধ্যে ট্রানজিট চাল এবং আন্তঃবাণিজ্য সম্পর্ক বৃদ্ধির কথা বলেন। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ছাড়াও ঢাকা ঘোষণায় জ্বালানি খাতে সহযোগিতাপূর্ণ সম্পর্কের কথা বলা হয়।

সার্ক নেতৃবৃন্দ পাকিস্তানের রাজধানী ইসলামবাদে একটি সার্ক এনার্জি সেন্টার গঠনের কথা বলেন। এটি এ অঞ্চলের জ্বালানি সম্পদ উন্নয়নে কাজ করবে।

নেতৃবৃন্দ সার্ক সদস্য রাষ্ট্রগুলোর পরিবেশগত নিরাপত্তায় একটি আঞ্চলিক পরিবেশ চুক্তির কথা বলেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাস এবং সুনামির মতো নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আঞ্চলিক পরিকল্পনার প্রস্তাব করেন।

সার্ক নেতৃবৃন্দ সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানিয়ে বলেন, সন্ত্রাস এ অঞ্চলের দেশগুলোর জন্যে একটা চ্যালেঞ্জ এবং নিরপত্তার জন্যে হুমকি। তারা বলেন, সন্ত্রাসকে কোনভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।

নেতৃবৃন্দ আরো বলেন, এ অঞ্চলের নিরাপত্তা, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সবকিছুর জন্যে একটি বড় বাধা। সন্ত্রাস দমনে তারা ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা বলেন। ঢাকা ঘোষণায় ক্ষুদ্র দেশগুলোর নিরাপত্তার কথাও বলা হয়।

সম্মেলনে নেতৃবৃন্দ মেডিকেল বিশেষজ্ঞ এবং ফার্মাসির ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতার কথা বলেন। প্রচলিত ধারার ঔষুধের বদলে তারা এ অঞ্চলে সহজলভ্য চিকিৎসা, ঔষুধ ব্যবস্থা এবং এসবের গুনগত মান নির্ধারণে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেন।

এছাড়াও এইডস এর বিরুদ্ধে সম্মিলিত কৌশলের কথা বলেন সার্ক নেতৃবৃন্দ।