সময়মতো সাফটা বাস্তবায়নে ‘সমন্বিত পদক্ষেপ’ নিতে মনমোহন সিং এর আহ্বান
আগামী বছরেরর নির্ধারিত সময়ের মধ্যে দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল সাফটা বাস্তবায়ন সংক্রান্ত অঙ্গীকার পূরণের লক্ষ্যে সার্ক সদস্য রাষ্ট্রগুলোকে ‘সমন্বিত পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।
আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপক ভাষণে তিনি বলেন, সাফটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এখনও ঝুলে আছে আমাদেরকে তা নিষ্পত্তির প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। ২০০৬ সালের ১ জানুয়ারির পূর্বে এটি নিশ্চিত করার জন্যে আমাদেরকে অবশ্যই সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
মনমোহন সিং জানান, সার্ক দেশগুলোতে সাংবাদিকসহ সকলের চলাচলের ক্ষেত্রে ভিসা ব্যবস্থা শিথিল করতে সাত নেতাই একমত হয়েছেন।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে যেসব সাফল্য অর্জন করেছি সে ব্যাপারে সন্তোষ প্রকাশ করতে পারি। আমার স্বীকার করতে বাধা নেই যে, এ সম্মেলনের মাধ্যমে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। তাই এ সম্মেলনটি স্মরণীয় হয়ে থাকবে।
সার্কে আফগানিস্তানের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষেত্রে আমাদের সাথে আফগানিস্তানের সুদীর্ঘ অবস্থানের স্বীকৃতি এটি।
সার্কের পর্যবেক্ষক হতে চীন ও জাপানের অন্তর্ভূক্তির কথা উল্লেখ করেন তিনি বলেন, সার্কের কাউন্সিল অব মিনিস্টারস খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত গাইডলাইন প্রদান করবে।
দ্বৈত কর এড়ানো, কাস্টমস এবং সার্ক সালিশ নিষ্পত্তি পরিষদ প্রতিষ্ঠা সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরের কথা উল্লেখ করে মনমোহন সিং বলেন, এ সম্মেলনে যেসব এজেন্ডা ছিল সেগুলোর ব্যাপারে সদস্য রাষ্ট্রগুলো সন্তোষজনক অগ্রগতি অর্জন করেছে।
তিনি বলেন, ঢাকা ঘোষণা ভবিষ্যতের একটি দলিল হয়ে থাকবে, যা সার্কের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে।
তিনি আরো বলেন, এ ঘোষণায় সকল দেশের সাথে একে অপরের বিমান যোগাযোগ স্থাপন সংক্রান্ত ভারতীয় প্রস্তাব ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে আমরা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে আমাদের সামাজিক সনদের সমন্বয়ে একটি দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং আঞ্চলিক টেলিমেডিসিন নেটওয়ার্ক স্থাপনসহ একটি বৃহত্তর চিকিৎসা সেবা কেন্দ্র চালু।
দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে এ পদক্ষেপগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মনমোহন সিং বলেন, সমন্বিত জ্বালানি কৌশল গ্রহণের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুযোগ কাজে লাগাতে সহযোগিতার নতুন পথ খুঁজতে আমরা সকলে একমত হয়েছি।
