দারিদ্র বিমোচনে টেকসই ও সুনির্দিষ্ট উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী
সার্কের নব নির্বাচিত চেয়ারপার্সন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দারিদ্র এ অঞ্চলের স্থিতিশীলতার জন্যে একটা বড় হুমকি। দারিদ্র বিমোচনে তিনি টেকসই, সুনির্দিষ্ট ও সমন্বিত জাতীয় ও আঞ্চলিক লক্ষ্য নির্ধারণ এবং সে অনুযায়ী কাজ করার প্রস্তাব রেখেছেন। রোববার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসি) ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের সমপনী ভাষণে এ প্রস্তাব রাখেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র এ অঞ্চলের স্থিতিশীলতার জন্যে একটা হুমকি। এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলো দারিদ্র্য বিমোচন। আমরা এ দারিদ্র বিমোচনে নতুনভাবে সম্ভাব্য সব পদ্ধতিতে কাজ করে যাবো।
তিনি বলেন, ঢাকা ঘোষণার মধ্যে দিয়ে দক্ষিণ এশিয়ার জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির ক্ষেত্রে আমাদের অভিন্ন ইচ্ছা প্রতিফলিত হয়েছে। এই ঘোষণায় দক্ষিণ এশিয়ার মূল্যবোধ ও অভিন্ন প্রত্যাশার ওপর জোর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এবারের আলোচনায় আমরা একটা ব্যাপারে জোর দিয়েছি, তা হচ্ছে, দক্ষিণ এশিয়ার জনগণের জন্য সার্ককে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দারিদ্রের বিরুদ্ধে আমরা সমন্বিতভাবে জাতীয় এবং আঞ্চলিক লক্ষ্য অর্জনে কাজ করে যাবো।
প্রধানমন্ত্রী জানান, ১৩তম সার্ক সম্মেলনে আগামী ১০ বছর দারিদ্র বিমোচন দশক হিসেবে ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং মানব সম্পদের উন্নয়ন ছাড়া দক্ষিণ এশিয়ার দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। তিনি বলেন, ত্রয়েদশ সার্ক সম্মেলনে গৃহিত ঢাকা ঘোষণায় আমরা এই অঞ্চলের দারিদ্র বিমোচনের বিশেষ গুরুত্ব আরোপ করেছি।
বাণিজ্য উদারীকরণের ব্যাপারে বেগম জিয়া বলেন, আমাদের একটি দীর্ঘ মেয়াদী লক্ষ্য সামনে নিয়ে অগ্রসর হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে খুব দ্রুত কাজ করতে হবে।
তিনি বলেন, কাস্টমস, কর, বিনিয়োগ ও নিষ্পত্তির ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হলে আন্তঃ আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি পাবে। তাই যত দ্রুত সম্ভব বানিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, আমাদেরকে মনে রাখতে হবে যে, আমাদের অঙ্গীকার এবং এ ব্যাপরে আমরা কতটা আগ্রহী তার ওপরই নির্ভর করবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার সাফল্য।
প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ সার্ক সম্মেলনে বহু বিষয়ে যে কেবল আলোচনা হয়েছে তা নয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এসব বিষয়কে সঠিক সময়ের, প্রাসঙ্গিক ও জরুরী হিসেবে উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস এ সম্মেলন দক্ষিণ এশিয়ার ইতিহাসে নতুন দ্বার উন্মোচন করবে। একই সাথে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে তিনি উল্লেখ করেন।
বেগম জিয়া বলেন, সার্কের সুযোগ সুবিধা প্রচুর। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে, জনগণকে মর্যাদার সাথে বেঁচে থাকার সুযোগ দানে এবং এ অঞ্চলকে নিরাপত্তা দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমাদেরকে এর পুরো সুযোগ গ্রহণ করতে হবে। আর এ কারণে সার্ককে কার্যকর সংস্থায় পরিণত করতে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।
এ অঞ্চলের সবগুলো দেশ এবং দেশের জনগণ যেন সার্ক থেকে কাঙ্খিত সুবিধাগুলো পায় এবং সার্ক যেন সত্যিকারভাবে একটি কার্যকর সংস্থায় পরিনত হতে পারে আমাদের সে চেষ্টাই করা উচিত।
