সার্ক শীর্ষ সম্মেলনে তিনটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত
সার্ক দেশগুলোর মধ্যকার আন্তঃবাণিজ্য ব্যবস্থা জোরদার করতে শীর্ষ সম্মেলনে রোববার তিনটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
দক্ষিণ এশীয় দেশগুলো আশা করছে, ২০০৬ সালের প্রথম দিন থেকেই একটি অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার সূচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবকাশ সময়ে সার্ক দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা এ চুক্তিগুলো স্বাক্ষর করেন।
প্রস্তাবিত চারটি চুক্তির মধ্যে বিনিয়োগ সংক্রান্ত চুক্তি ছাড়া অপর চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার, কাস্টমস এবং সালিশ নিস্পত্তি পরিষদ সংক্রান্ত।
সাতটি দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে চুক্তিগুলোতে নিজ নিজ রাষ্ট্রের পক্ষে পররাষ্ট্র মন্ত্রিরা স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর শেষে সার্ক নেতারা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের স্বাগত জানান। সার্ক নেতারা বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অতিথি ভবনে অবস্থান করেন।
বিশ্বের মধ্যে সার্কই একমাত্র অঞ্চল, যারা এখনও সামাজিক ও সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনাগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। সার্ক দেশগুলোর মধ্যে বিদ্যমান মত পার্থক্য অব্যাহত থাকার কারণেই তা সম্ভব হয়নি।
আন্তঃসার্ক বাণিজ্যের পরিমাণ শতকরা চার শতাংশ মাত্র এবং তা বিশ্ব বাণিজ্যের কার্যকর শেয়ারের মাত্র এক শতাংশ।
