২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় প্রধানমন্ত্রীর স্ত্রীর গুরুদুয়ারা পরিদর্শন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্ত্রী গুরশরণ কাউর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গুরশরণ কাউর গুরুদুয়ারা নানক শাহীতে পৌঁছালে তাকে সাদর অভ্যর্থনা জানান উপাসনালয়ের ধর্মগুরুরা। সেখানে তিনি প্রায় দশ মিনিট অবস্থান করেন এবং প্রার্থনা শেষে প্রসাদ গ্রহণ করেন।

এসময় তার সাথে ছিলেন বিশ্বব্যাংকের কর্মকর্তা মহেন্দর সিং। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাসনালয়ের ব্যবস্থাপনা কমিটির প্রধান সুরেশ কুমার সিং, নির্বাহী সদস্য ওমর খান প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আর্মড ব্যাটালিয়ন পুলিশ, র‌্যাব, বিডিআর, সিআইডিসহ প্রায় সাড়ে চারশ’ নিরাপত্তা কর্মী দিয়ে ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তার নিশ্চিত করা হয়।

ভারতের ব্ল্যাক ক্যাট বাহিনীর কয়েকজন সদস্যও গুরশরনের নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত ছিলো।

গুরু নানক দেবজী (১৪৬৯-১৫৩৯) শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন। ১৮৩০ সালে ষষ্ঠ গুরুর সময়ে ভাই নাথ বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত এ উপাসনালয় তৈরীর কাজ সমাপ্ত করেন।