পাপিয়া হত্যা মামলার আসামি স্বপ্না ৩ দিনের রিমান্ডে, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি পেশ
বরিশালে অ্যাডভোকেট পাপিয়া হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামি স্বপ্নাকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। রোববার বরিশালের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মুনিম হাসান এ আদেশ দেন।
পাপিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিব আদালতে হাজির হয়ে আসামি স্বপ্নার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। এসময় নিয়ম ভঙ্গ করে আসামি পক্ষে জেলা বিএনপির সহসভাপতি বিশেষ পিপি শাখাওয়াত হোসেন জুম্মান রিমান্ডের বিরোধিতা করেন এবং জামিনের আবেদন জানান। তবে আদালত আসামি স্বপ্নার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদিপক্ষে মামলা পরিচালনা করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ব্লাস্ট ও স্পিড ট্রাস্টের আইনজীবীরা।
এদিকে সকালে পাপিয়া হত্যার বিচার এবং ঘাতক স্বামী তুহিনকে গ্রেপ্তারের দাবিতে সর্বস্তরের জনগণ নগরীতে বিক্ষোভ মিছিল করে।
পাপিয়া হত্যার বিচার দাবি পরিষদের ব্যানারে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সাড়ে ১১টার দিকে তারা হত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে।
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্মারকলিপি গ্রহণ করেন এবং পাপিয়া হত্যার সুষ্ঠু বিচারে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরে বিক্ষুদ্ধ জনতা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কাউয়ুমুজ্জামানের কাছে অপর একটি স্মারকরিপি প্রদান করে।
এদিকে পাপিয়া হত্যার বিচারের দাবিতে জাতীয় মহিলা আইনজীবী সমিতি সোমবার নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে।
কানাডীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-সিডার কর্মকর্তা দিলরুবা হক পাপিয়া ঈদের ছুটিতে স্বামীর বাড়ি বেড়াতে এসে ৩ নভেম্বর খুন হন। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে পাপিয়ার স্বামী তুহিন এবং বোন স্বপ্নাকে আসামি করে বরিশাল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
