মীনা বাজারে শপিং করলেন সার্ক নেতাদের স্ত্রীরা
১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের শীর্ষ নেতারা রোববার যখন বিভিন্ন চুক্তি স্বাক্ষরে ব্যস্ত তখন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অবসর সময় কাটাচ্ছিলেন তাদের স্ত্রীরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, তারা গান শুনে, কেনা-কাটা করে সময় কাটান।
অতিথি ভবন প্রাঙ্গণে বসানো মিনা বাজারে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, শাড়ি ও সাজগোজের উপকরণ কেনেন তারা।
তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্ত্রী গুর শরণ কাউর, মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের স্ত্রী নাসরিন গাইয়ুম, নেপালের রানী লক্ষ্মী রাজ্যদেবী সাহা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের স্ত্রী রোকসানা আজিজ মীনা বাজারের বিভিন্ন স্টল ঘুরে তাদের পছন্দের জিনিসগুলো খুঁজে নেন।
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের স্ত্রী নাসরিন খান রাষ্ট্রীয় অতিথি ভবনে তাদের স্বাগত জানান। তারা সেখানে প্রায় দু ঘণ্টা সময় কাটান।
মীনা বাজার অতিথি ভবনের অভ্যন্তরে ২১ টি স্টলে তাদের হস্তশিল্প, শাড়ি, পোশাক-আশাকের সম্ভার সাজায়।
