ঢাকা ঘোষণার মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে ত্রয়োদশ সার্ক সম্মেলন
দারিদ্র্যবিমোচন, সন্ত্রাসবাদ ও দুর্যোগ মোকাবেলা এবং সঠিক সময়ে সাফটা ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন।
সার্কের নতুন চেয়ারপার্সন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেলে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে।
এক ঘন্টার এ অনুষ্ঠানে ঢাকা ঘোষণার আগে কাউন্সিল অব মিনিস্টার্স বৈঠকের রিপোর্ট গ্রহণ করা হবে।
১৯৮৫ সালে ঢাকায় প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৯৩ সালে ঢাকায় দ্বিতীয়বারের মত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানের আগে সাত দেশের নেতারা যৌথভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাৎ করবেন।
এ সাক্ষাতের পরই শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা দেশের উদ্দেশে রওনা হবেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সম্মেলন শেষ করে সন্ধ্যায় দেশের উদ্দেশে রওয়ানা হবেন।
আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠেয় চারটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাত দেশের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
চুক্তিগুলো হল-দ্বৈত কর প্রত্যাহার, বিনিয়োগ সুরক্ষা এবং সংঘাত মীমাংসার জন্যে সার্ক সালিশি কেন্দ্র প্রতিষ্ঠা।
সার্ক সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা অবকাশ-অলোচনাকালে ঢাকা ঘোষণার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে একে চূড়ান্ত রূপ দেবেন। এবং এ বিষয়ে কোনও ধরনের মতদ্বৈততা দেখা দিলে অনানুষ্ঠানিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬-২০১৫ সালের মধ্যে সার্ক দারিদ্র্যবিমোচন ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের দশক হিসেবে ঘোষণার প্রস্তাব করেছেন।
ঢাকা ঘোষণায় অসংখ্য ছোট ছোট তহবিলের পরিবর্তে একটি সার্ক উন্নয়ন তহবিল (এসডিএফ) গঠনের ঘোষণা ঢাকা ঘোষণায় আসতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ্য করা হবে না বলে ঘোষণা দেন।
তিনি বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাস ও বৈরি বিদ্রোহী গ্রুপ গুলোকে সমর্থনের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না।
নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব বলেন, মানুষে-মানুষে বহুমাত্রিক যোগাযোগের উদ্দেশ্যে আমাদেরকে দক্ষিণ এশীয় অঞ্চলে অবাধ বাণিজ্য ও ভিসামুক্ত চলচলের কথা চিন্তা করতে হবে। সার্কের সকল অর্জনের মধ্যে এটাই হবে সবচেয়ে বড় অর্জন।
মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম প্রকৃতিসৃষ্ট সম্ভাব্য সকল দুর্যোগ এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
তিনি পূর্ব সতর্কতামূলক প্রস্তুতি ও সুনামি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট আঞ্চলিক কর্মসূচি উন্নয়নের আহ্বান জানান।
সুনামি ও ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হওয়ার পর সাতটি দেশের নেতারাই দুর্যোগ ব্যবস্থাপনার ব্যাপারে জোরালো বক্তব্য রাখেন।
অর্থনৈতিক ও বাণিজ্যের ব্যাপারে গুরুত্বারোপ করে শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সাফটা বাস্তবায়নের ক্ষেত্রে প্রত্যেক সদস্য রাষ্ট্রই তাদের জাতীয় আইন ও নীতিমালার আওতায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি আশা করছি।
ভুটানের প্রধানমন্ত্রী লিয়নপো সাঙ্গে নেগদুপ সামাজিক খাত এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, এইডস ও অন্যান্য মারাত্মক রোগের ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সার্কে আফগানিস্তানের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ বলেন, আফগানিস্তান সার্কে অন্তর্ভুক্ত হলে এ সংস্থাটি নিঃসন্দেহে সমৃদ্ধ ও শক্তিশালী হবে। আমাদের বন্ধু ও প্রতিবেশী রাষ্ট্র চীনের সার্ক পর্যবেক্ষক বা ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহকেও আমরা স্বাগত জানাই।
