২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনের কারণে পরিচয়পত্র ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে

শান্তির্পূণভাবে ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের জন্যে সরকার জনগণের চলাচলের ওপর বিধি নিষেধ আরোপ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

রাস্তায় নামতে গেলে তাই এখন প্রয়োজন পরিচয়পত্রের। আর এই সুযোগে গত কয়েক দিনে নগরীতে পরিচয় পত্র হোল্ডার ও ফিতা কেনা-বেচার ধুম পড়েছে। অনেকেই বানিয়ে নিচ্ছে নতুন পরিচয় পত্র।

মিরপুর ১০ এ পরিচয়পত্রের হোল্ডার ও ফিতা বিক্রির এক দোকান মালিক জানান, গার্মেন্টস কর্মী থেকে শুরু করে সকল পেশার মানুষ আমার দোকানে ভিড় করছে।

দু দফা স্থগিত হয়ে যাওয়া সার্ক সম্মেলন শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্যে সরকার রাজধানীর বাইরে ও ভিতরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও বিডিআরসহ প্রায় ৩০ হাজার বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদের নগরীর সড়কগুলোতে মোতাযেন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বর্পূণ পয়েন্টে স্থাপন করা হয়েছে চেকপোস্ট।

পল্টন এলাকার এক দোকান মালিক জানান, শুধু বৃহস্পতিবার ও শনিবারেই তারা কয়েক’শ কার্ড হোল্ডার বিক্রি করেছেন। তিনি বলেন, আমি এর আগে কোনও দিন এত পরিচয়পত্র হোল্ডার বিক্রি দেখিনি।

তবে এসব পরিচয় পত্র নিয়েও পার পাচ্ছেন না অনেকেই।

একটি বেসরকারি অফিসের নির্বাহী কর্মকর্তা বলেন, আমার গলায় পরিচয় পত্র ঝোলানো সত্ত্বেও পুলিশ কারওয়ান বাজারে অবস্থিত আমার অফিসে পৌঁছতে দেয় নি।

এক গার্মেন্টস কর্মীও কারফিউ’র মতো নিরাপত্তার কারণে কাজে না যেতে পেরে ক্ষোভ প্রকাশ করেন।