নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফেনী, ফরিদপুর ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত ২৮
নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফেনী, ফরিদপুর ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে পাঁচ জন, টাঙ্গাইলে চার জন ও ফেনীতে দু’জন ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই জন নিহত হয়। এছাড়া কুমিল্লায় গুরুতর আহত হয়েছে সাতজন।
বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার ভাঙ্গা উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় দুই জন নিহত ও দউজন আহত হয়। ভাঙ্গা-মাওয়া সড়কের বামনকান্দায় দুপুর দুইটায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মটর সাইকেল আরোহী কামরুল (২৬) ঘটনাস্থলেই নিহত হন।
এরপর বিকেল সাড়ে তিনটায় ভাঙ্গা-ভাটিয়াপাড়া সড়কের কান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাকায় পিস্ট হয়ে ওসমান (৪০) নামে এক পথচারী নিহত হন।
এ ঘটনায় অপর দুই পথচারী আহত হয়।
বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দর থানা বাসস্ট্যান্ডের কাছে শনিবার সকাল সাড়ে ৮টায় বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়।
ঘটনাস্থলে নিহতরা হল শিবু (৩৫), আমির হোসেন (৩৫), নূর আলম রাসেল (১৬) এবং জামান (১৬)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আশরাফ (১৬) নামে আরেকজন মারা যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দাউদকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-১১-০৯৪৭) নারায়ণগঞ্জ বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসকে (নম্বর জানা যায়নি) পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় সামনের বাসটির ছাদের কয়েকজন যাত্রী নিচে পড়ে যায়।
ইকোনো পরিবহনের বাসটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় অন্য বাসের ছাদ থেকে পড়ে যাওয়া যাত্রীদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় এবং আশংকাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের মীর্জাপুরে শনিবার ভোরে একটি ট্রাক উল্টে আরোহী চারজন শ্রমিক নিহত এবং আরও চারজন আহত হয়।
নিহতরা হল-গাইবান্ধার একরামুল হক (২২), বগুড়ার অনুকুল ঘোষ (৩০) ও অতুল চন্দ্র ঘোষ (২৫) এবং নাটোরের ওয়াজেদ মিয়া (৩৫)।
পুলিশ জানায়, উত্তরাঞ্চল থেকে একটি চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-০৭১৮) ঢাকায় আসার পথে ভোর ৩টায় জেলার মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিংয়ের আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন শ্রমিক নিহত হয়। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে শহরের মহদেবপুর এলাকায় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী ‘চাঁদপুর স্পেশাল’ ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়। এছাড়া শুক্রবার রাত একটার দিকে কারাহিপুরে খাজুরিয়া এলাকায় ট্রেন দুর্ঘটনায় অপর এক ব্যক্তি নিহত হয়। অভিযোগ উঠেছে ওই ব্যক্তিকে ট্রেনের নিচে ফেলে হত্যা করা হয়েছে।
কুমিল্লা সদর উপজেলার লালমাই বাজারে শনিবার দুপুরে একটি বাস বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচটি বেবীটেক্সি চাপা দিয়ে একটি দোকান ঘরে ঢুকে পড়ে। এতে সাতজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক।
পুলিশ জানায়, চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহি বাস ( ঢাকা মেট্রো-চ-০৬-০০২৬) লালমাই বাজারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
