প্রাথমিক ময়নাতদন্তে অ্যাডভোকেট পাপিয়াকে হত্যার প্রমাণ মিলেছে
সুরতহাল রিপোর্টের পর এবার প্রাথমিক ময়নাতদন্তেও অ্যাডভোকেট পাপিয়াকে হত্যার প্রমাণ মিলেছে।
বরিশাল কোতোয়ালী থানা সূত্র শনিবার জানিয়েছে, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক আ. বাকের এবং হাবিবুর রহমানের সমন্বয়ে গঠিত টিম ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবের কাছে হস্তান্তর করেছে।
এসআই হাবিব বিডিনিউজকে জানান, ময়নাতদন্ত রিপোর্টের সাথে সুরতহাল রিপোর্টের পুরোপুরি মিল পাওয়া গেছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, পাপিয়াকে শারীরিক নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পাপিয়া হত্যা মামলার আসামি তার ননদ স্বপ্নার বিরুদ্ধে রোববার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, স্বপ্নাকে রিমান্ডে নিলেই পাপিয়া হত্যার সবকিছু বেরিয়ে আসবে।
