২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কভুক্ত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের ঢাকায় আসা শুরু

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে সার্কভুক্ত দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা স্বাগতিক দেশ বাংলাদেশের রাজধানী ঢাকায় এসে উপস্থিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

নেতৃবৃন্দের মধ্যে শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা সবশেষে ঢাকা পৌঁছান। স্থানীয় সময় শনিবার ভোর রাত পৌনে তিনটায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।

এর আগে শুক্রবার বিকেল থেকে নেতারা ঢাকা পৌঁছাতে শুরু করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মন্ত্রী পরিষদের সদস্যবর্গ বিমান বন্দরে তাদের স্বাগত জানান। মোটর শোভাযাত্রাসহ তাদের শেরাটন হোটেলে নিয়ে যাওয়া হয়। সার্ক সম্মেলন চলাকালে অন্য নেতাদের সঙ্গে তারা ওই হোটেলে অবস্থান করবেন।

রাত সাড়ে ১০ টায় মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

এরআগে সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ঢাকায় পৌঁছান। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে একটি বিশেষ বিমানযোগে তিনি সস্ত্রীক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এছাড়াও সন্ধ্যায় নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহ দেব, বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ এবং ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো স্যাঙ্গে নেদুপ ঢাকায় পৌঁছেন।

নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহদেব নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে সন্ধ্যা পৌণে ৬টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ নির্ধারিত সময়ের এক ঘন্টা পর বিকেল ৪টা ৪৫ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি একটি বিশেষ বিমানযোগে অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে সস্ত্রীক ঢাকায় আসেন।