কথা নয়, কাজের প্রতি মনযোগ দিতে সার্ক নেতাদের প্রতি গুজরাল ও আসমা জাহাঙ্গীরের আহ্বান
দক্ষিণ এশিয়ার পশ্চাদপদতার জন্যে সামরিকায়ন, ধর্মীয় দাঙ্গা, অসম উন্নয়ন ও সাম্রাজ্যবাদকে দায়ী করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী আইকে গুজরাল এবং প্রখ্যাত মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর।
এ অবস্থার উত্তরণে তারা সার্ক নেতৃবৃন্দকে কথা নয়, বরং কাজের প্রতি মনযোগ দেয়ার আহ্বান জানান।
জাতীয় ও আঞ্চলিক মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস’র চেয়ারপার্সন ও কো-চেয়ারপার্সন হিসেবে এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আমরা সার্ক নেতৃবৃন্দকে বড় বড় কথা নয়, বরং কাজের প্রতি মনযোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। আমরা দারিদ্র্য ও সংঘাত নিরসন এবং সুশাসনের গ্রহণযোগ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় তাদের প্রতি আহ্বান জানাই। এটি করতে পারলে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে বলে তারা উল্লেখ করেন।
যৌথ বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন গ্রুপে বিভক্তি ও অপরের মতামতকে সহ্য করতে না পারার কারণে আমাদের এ অঞ্চল আজ পশ্চাদপদ এবং অন্যতম দরিদ্র অঞ্চল হিসেবে পরিচিত।
দক্ষিণ এশিয়ার সমাজ কাঠামোয় হুমকিরূপে আবির্র্ভূত হওয়া সাম্প্রতিক ধর্মীয় দাঙ্গা ও সামরিক তৎপরতার কথা উল্লেখ করে তারা বলেন, সাম্রাজ্যবাদ ও বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যাওয়ার কারণে প্রতিবেশী দেশগুলো আজ বিভক্ত, সামরিক ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার ফলে সম্পদ নষ্ট হয়েছে এবং জনগণের নিরাপত্তাহীনতার মাত্রা বেড়েছে।
তারা বলেন, কাশ্মীরে শীতের কারণে হাজার হাজার লোক মারা যাচ্ছে। অথচ ভারত এবং পাকিস্তান অস্ত্র ক্রয় বিক্রয় অব্যাহত রেখেছে।
তারা আরও বলেন, সামরিক ব্যায়, সামাজিক দুর্দশা এবং অর্থনৈতিক বঞ্চনা পরষ্পর সম্পর্কিত।
তবে দুর্যোগের সময় দক্ষিণ এশিয়ার দেশগুলো পরষ্পরকে সহযোগিতা করেছে বলে তারা উল্লেখ করেন। তারা বলেন, বিভিন্ন দেশের মধ্যেও পারষ্পরিক দ্বন্দ্ব থাকলেও দুর্যোগের সময় তারা একসাথে কাজ করেছে।
আইকে গুজরাল ও আসমা জাহাঙ্গীর বলেন, সামরিকীকরণ জনগণের উন্নয়ন এবং গণতন্ত্রের প্রধান বাধা। আমরা যদি সামরিক খাতে অযথা অপচয় বন্ধ না করি তাহলে জনগণের চাহিদা মেটানো কিংবা উন্নয়ন সম্ভব নয় এবং শান্তি প্রতিষ্ঠাও সম্ভব নয়।
বিবৃতিতে তারা সার্ক দেশগুলোর জনগণের মধ্যে অবাধ চলাচলের সূযোগ এবং এক দেশের শ্রমিকদরে অন্য দেশের কাজ করার সূযোগ প্রদানের আহবান জানান।
তারা বলেন, সার্ক দেশগুলোকে অবশ্যই দারিদ্র, অশিক্ষা, লিঙ্গ বৈষম্য, সাামজিক এবং অর্থনৈতিক বৈষম্য ইত্যাদি থেকে বেরিয়ে আসতে হবে।
তারা বলেন, দারিদ্র বিমোচনের লক্ষ্যে সার্ক সদস্য দেশগুলোকে মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি তাদের আন্তর্জাতিক ও সংবিধানিক অঙ্গীকারের প্রতি দৃঢ় অবস্থান নেয়ার পাশাপাশি সহিষ্ণুতা ও সকলের প্রতি শ্রদ্ধাশীলতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
তারা বলেন, সামরিক নিয়ন্ত্রণ পাকিস্তানে নাগরিকদের অংশগ্রহণ ও গণতান্ত্রিক উন্নয়ন বাধাগ্রস্ত করেছে এবং এ ধরণের নিয়ন্ত্রণ মৌলবাদ ও জঙ্গীবাদের ধারণার সৃষ্টি করেছে।
বাংলাদেশে রাজনৈতিক দ্বন্দ্ব কর্তৃত্ববাদকেই ত্বরান্বিত করছে। যা সংসদীয় সরকার ব্যবস্থার জন্যে হুমকিস্বরূপ। ভারতে সরকার পরিবর্তনের নির্বাচন নিশ্চিত হলেও প্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় দরিদ্র মানুষের নগণ্য অংশগ্রহণের কারণে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতা এখনও কিছু মানুষের হাতেই রয়ে গেছে।
তবে ১২ ও ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনকে স্বাগত জানিয়েছেন এই দুই মানবাধিকার প্রবক্তা। তারা বলেন, দক্ষিণ এশিয়ার মানুষদের অভিন্ন ইতিহাসের পাশাপাশি সহিষ্ণুতা ও বহুত্ববাদের সংস্কৃতির বিনিময় রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সার্কের গঠন এই অঞ্চলেল মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। এর মাধ্যমে মানুষের সর্বোত্তম ঐক্য, কাল্পনিক সীমানার বিলোপ ও অবাধ চলাচল ব্যবস্থা ত্বরান্বিত হবে। দক্ষিণ এশিয়ায় একক সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখেই আমাদের সংগ্রাম যা মানবাধিকার, গণতান্ত্রিক মুল্যবোধ ও সমঅধিকার সমুন্নত করবে।
তারা বলেন, ঔপনিবেশিক শাসনব্যবস্থা থেকে স্বাধীনতার প্রক্কালে দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দ গণতান্ত্রিক কাঠামোর মধ্যে জনগণের সার্বভৌমত্বের অঙ্গীকার করেছিলেন। কিন্তু রাজনৈতিক অর্থনীতি কেবল ধনী ও প্রভাবশালীদের স্বার্থ রক্ষা করেছে আর সরকারগুলো হয়ে উঠেছে আরো বেশি দমনবাদী ও একরোখা।
তারা বলেন, আমাদের সরকার ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা এখন সন্ত্রাস দমন করতে গিয়ে উল্টো বৈধ সন্ত্রাসীই সৃষ্টি করেছে। সন্ত্রাস দমনে বিচারবহির্ভূত হত্যা কখনোই শান্তি আনতে পারবে না। এটা শুধুমাত্র নাগরিকদের অংশগ্রহণ, যথাযথ সূযোগ প্রদান এবং মানবাধিকারের উন্নয়নের মাধ্যমেই সম্ভব।
সুশাসন এবং মানবাধিকার নিশ্চিত করতে তারা অনেকগুলো সুপারিশ করেন। এর মধ্যে নাগরিকদের সামাজিক অধিকার সনদ, সরকারের নিজ দেশের আইনের বাস্তবায়ন, নারী এবং শিশু পাচার বন্ধ, অথনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ধর্ম নিরপেক্ষ শিক্ষা, পাঠ্যপুস্তকের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ইত্যাদি উল্লেখযোগ্য।
