সার্ক সম্মেলনে যোগ দিচ্ছেন না হাসিনা, শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সময়সূচি পরিবর্তন
সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের কোনো নেতা বা সাংসদও যোগ দিচ্ছেন না উদ্বোধনী অনুষ্ঠানে। তবে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দু’দিনের এই শীর্ষ সম্মেলন।
এদিকে সার্ক শীর্ষ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠকগুলোর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। উত্তরবঙ্গের মঙ্গা কবলিত এলাকায় তার সফরসূচি বর্ধিত করায় পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এখন এসকল বৈঠক অনুষ্ঠিত হবে ১৩ ও ১৪ নভেম্বর।
এর আগে গত বুধবার দলীয় সূত্র সার্ক নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে কিনা তা অনিশ্চিত বলে জানিয়েছিল।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি শুক্রবার বিডিনিউজকে জানান, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা ছিল ১২ নভেম্বর সন্ধ্যায়। কিন্তু ওইদিন বিকেল ৫ টা পর্যন্ত উত্তরবঙ্গে কর্মসূচি থাকায় বৈঠক দুটি হবে ১৩ নভেম্বর।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব ও ভূটানের প্রধানমন্ত্রী লিওনপো স্যাংগেই নেগদুপ’র সঙ্গে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর সকালে।
সংশ্লিষ্ট দূতাবাসগুলো আওয়ামী লীগকে এসকল সময়সূচি নিশ্চিত করেছে বলে তিনি জানান।
অবশ্য মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম’র সঙ্গে বৈঠকের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ১৩ অথবা ১৪ নভেম্বর এ বৈঠক হতে পারে।
অন্যদিকে শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা সার্কের সমাপনী দিন অর্থাৎ ১৩ নভেম্বর ঢাকায় অবস্থান করবেন না বলে তার সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না।
সার্ক শীর্ষ নেতাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর এসকল বৈঠকে সার্কের মূল এজেন্ডা তথা দারিদ্র বিমোচনসহ অন্যান্য বিষয়ে আঞ্চলিক সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিডিনিউজ-এর সঙ্গে আলাপকালে কাজী জাফরুল্লাহ্ এমপি বলেন, প্রতিষ্ঠার দু’দশকে সার্ক এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এ সকল প্রত্যাশা পূরণে কী কী ভূমিকা রাখা যায়-এ বিষয়েও বৈঠকগুলোতে আলোচনা হতে পারে। তাছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বি-পাক্ষিক বিভিন্ন ইস্যুও আলোচনায় স্থান পাবে।
