২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন শনিবার শুরু

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শনিবার ঢাকায় শুরু হচ্ছে দু-দফা স্থগিত হয়ে যাওয়া ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন। সার্কের তৃতীয় দশকে এসে আঞ্চলিক এ সহযোগিতা সংস্থাটি বাস্তবায়নের দশকে প্রবেশ করবে এমন প্রত্যাশা সকলের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সার্কের এবারের সম্মেলনের মূল এজেন্ডাগুলো হবে : সাফটা’র বাস্তবায়ন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ, দারিদ্র বিমোচন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি।

সার্কের ত্রয়োদশ সম্মেলনে নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভুটানের প্রধানমন্ত্রী লিয়োনপো স্যাঙ্গাই নেগদুপ, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ, মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম, নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীব বিক্রম শাহ দেব এবং শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

ত্রয়োদশ সম্মেলনের ঢাকা ঘোষণার খসড়া প্রস্তুত করা হয়েছে। সম্মেলনের সমাপনী দিন রোববার সার্ক নেতৃবৃন্দ এ ঘোষণা অনুমোদন করবেন।

সার্কের ত্রয়োদশ সম্মেলন এ বছরের জানুয়ারিতে হওয়ার কথা ছিলো কিন্তু গত বছরের ডিসেম্বরে ভারত, শ্রীলংকা এবং মালদ্বীপে ভয়াবহ সুনামি আঘাত হানার কারণে তা স্থগিত করা হয়।

ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার সার্কের তারিখ ঘোষণা করা হয় কিন্তু নেপালের ক্ষমতার রদবদল এবং ঢাকায় নিরাপত্তা হীনতার অজুহাতে ভারত আপত্তি তুললে সে তারিখও পিছিয়ে যায়। এরপর কয়েকদফা উদ্যোগের পর এ সাত জাতি শীর্ষ সম্মেলনের চুড়ান্ত তারিখ ১২-১৩ নভেম্বর নির্ধারণ করা হয়।

সার্ক সম্মেলন উপলক্ষে ঢাকা জুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নগরবাসীর বক্তব্য এমন নিরাপত্তা আগে তারা কখনোই দেখেনি। নিরাপত্তার এমন কড়াকড়ি গত এক সপ্তাহ ধরে নগরবাসীর সাধারণ জনজীবনকে বিপর্যস্ত করেছে এবং কিছুটা হলেও উৎসবকে ম্লান করেছে।

সার্ক সম্মেলনে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে প্রায় ৪০ হাজার নিরাপত্তা কর্মী। সম্প্রতি ঢাকা এবং নয়াদিল্লীতে বোমা হামলার পর নিরাপত্তার এমন কড়াকড়ি। রাজধানীতে এখন জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান বলেছেন এবারের সম্মেলনে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ইস্যুতে জোর দেয়া হবে। তিনি বলেন, এটা বর্তমান বিশ্বের একটা প্রধান সমস্যা সন্ত্রাস। আন্তর্জাতিক এবং আঞ্চলিক উভয় পর্যায়ে সন্ত্রাস একটা ভয়াবহ সমস্যা।

সন্ত্রাস ছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর আরেকটা বড় সমস্যা দারিদ্র। মোরশেদ খান জানান, এবারের সম্মেলনে দারিদ্র বিমোচনে নতুন কি উদ্যোগ নেওয়া যায় তা নিয়ে বিশেষ আলোচনা হবে।

দারিদ্র বিমোচনে নেতৃবৃন্দ এবারের সম্মেলনে সার্ক উন্নয়ন তহবিল (এসডিএফ) গঠনের ঘোষণা দেবেন।

এছাড়াও ২০০৬ সালের জানুয়ারি থেকে সাফটার বাস্তবায়ন নিয়েও এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন মোরশেদ খান। তিনি বলেন, আর বিলম্ব না করে কিভাবে সাফটাকে কার্যকর করা যায় তা নিয়ে এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে।

এছাড়াও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবারের সম্মেলনে একটি আঞ্চলিক দুর্যোগ কেন্দ্র গঠনের প্রস্তাবনা আসতে পারে।

এর আগে ১৯৮৫ সালে বাংলাদেশ প্রথমবারের মতো সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। সার্ক গঠনের তৃতীয় দশকে এসে বাংলাদেশ তৃতীয়বারের মতো সার্কের আয়োজন করেছে।

মোরশেদ খান বলেন, সার্কের প্রথম দুই দশকে এটাই নির্দেশিত হয়েছে যে আমাদের অভিন্ন সমস্যা মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা এরই মধ্যে সার্কের একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করতে পেরেছি যার দ্বারা সদস্য দেশগুলো কার্যকর ভূমিকা রাখতে পারবে।