হজ্বযাত্রীদের জাহাজ সংগ্রহে বিএসসি ব্যর্থ, পুনরায় দরপত্র আহ্বান
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ভাড়া করতে ব্যর্থ হওয়ায় নন ব্যালটি হজ্বযাত্রীদের পবিত্র হজ্ব পালনে আরেক দফা অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিএসসির জাহাজ ভাড়ার জন্যে প্রথম দরপত্রে কোনও প্রতিষ্ঠান অংশগ্রহণ না করায় বৃহস্পতিবার দ্বিতীয় দফা দরপত্র আহবান করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সম্মতি ছাড়াই নৌ পরিবহণ মন্ত্রীর নির্দেশে হজ্বযাত্রীদের যাতায়তের জন্যে বিএসসি ৭ নভেম্বর জাহাজ ভাড়ার দরপত্র আহবান করে।
কিন্তু জমাদানের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত কোনও দরপত্র জমা না পড়ায় প্রথম দফা দরপত্র আহবান ব্যর্থতায় পর্যবসিত হয় বলে বিএসসির একটি সূত্র বিডিনিউজকে জানিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিএসসি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুনরায় দরপত্র আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে এবং ১৭ নভেম্বর দরপত্র খোলার দিন ধার্য করা হয়েছে বলে বিএসসির জেনারেল ম্যানেজার (চাটারিং ও ট্রাম্পিং) এবিএম রেজাউল করিম বিডিনিউজকে জানিয়েছেন।
দরপত্রের শর্তে অন্তত এক হাজার যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন জাহাজ, যেটিকে ২৫ নভেম্বর চট্টগ্রাম থেকে সমুদ্র পথে জেদ্দায় দু’দফা আসা যাওয়া করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
নৌ পরিবহণ মন্ত্রণালয় জনপ্রতি সাতশ’ ডলারের বিনিময়ে সাড়ে চার হাজার নন ব্যালটি হজ্বযাত্রী পরিবহনের পরিকল্পনা গ্রহণ করেছে।
মন্ত্রিপরিষদর নন ব্যালটি হজ্বযাত্রীদের কোনও দায় দায়িত্ব বহন না করার সিদ্ধান্ত নিলেও নৌ পরিবহণ মন্ত্রণালয়ের জাহাজে হজ্বযাত্রী পরিবহন আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশ্লিষ্ট অনেকে সংশয় প্রকাশ করেছেন।
মন্ত্রণালয়ের একটি নির্ভর যোগ্য সূত্র জানায়, নৌ পরিবহন মন্ত্রী শুধু সমুদ্র পথে হজ্বযাত্রী পরিবহনের সম্ভ্যাবতা যাচাইয়ের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এত কম সময়ের মধ্যে এটি আদৌ সম্ভব কিনা, তা নিয়ে খোদ মন্ত্রণালয়ের অনেকেই প্রশ্ন তুলেছেন।
দ্বিতীয় দফা দরপত্রের সময় অনুযায়ী জাহাজ ভাড়া পাওয়া গেলেও হজ্বযাত্রীদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সামগ্রীসহ অন্যান্য বিষয় দরদাতাদের সাথে মিটমাট করতে আরো সময় লেগে যাবে।
তার ওপরে প্রতিবার চট্টগ্রাম-জেদ্দা আসা যাওয়া করতে ৪ হাজার ৪৬ নটিক্যাল মাইল পাড়ি দিতে সময় লাগবে কমপক্ষে ২৫দিন।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং মেয়র হজ্ব কাফেলার চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার এক প্রতিবাদ সভায় সরকার নির্ধরিত বিমান ভাড়ায় যাতে নন ব্যালটি হজ্বযাত্রীরা আসা যাওয়া করতে পারে, আলোচনার মাধ্যমে সে বিষয়ে একটি সমাধান খুঁজে বের করার জন্যে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
