২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডভোকেট পাপিয়াকে হাসেম কুটিরেই শ্বাসরোধ করে হত্যা করা হয়: এলাকাবাসী

অ্যাডভোকেট পাপিয়াকে তার শ্বশুরবাড়ি বরিশালের কলেজ রোডের হাসেম কুটিরেই শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে এলাকাবাসীর দাবি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 07:59 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি করেন।

নিহত পাপিয়ার মেয়ে সপ্তর্ষিকে নিরাপদে রেখে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল রহস্য উদঘাটিত হবে বলে এলাকাবাসী ধারণা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ নভেম্বর বিকেলের দিকে স্বামী তুহিনের সঙ্গে পাপিয়ার কথাকাটাকাটি হয়। এরপর তুহিন রাগ করে বাসার পাশে এক দোকানে দীর্ঘক্ষণ অবস্থান করে। ওই দোকানের এক কর্মচারি বিডিনিউজকে জানান, সন্ধ্যার পর পাপিয়ার নিথর দেহ কাপড় দিয়ে ঢেকে তুহিনের বোন স্বপ্না রিকশাযোগে সদর রোডের দিকে রওনা হয়। এসময় তুহিন ওই রিকশার পেছনে অন্য একটি রিকশায় তাদের অনুসরণ করে।

অপর এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার দিন সন্ধ্যার দিকে স্বপ্নার মেয়ে বাড়ির পাশের একটি ফার্মেসি থেকে নানীর নাম করে শ্বাসকষ্টের ওষুধ নিয়ে যায়। এ ঘটনার পর এলাকাবাসী পাপিয়ার হত্যাকাণ্ড পরিকল্পিত এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি করে। অন্যদিকে পাপিয়ার লাশ এলাকাবাসীকে দেখতে না দেয়ায়ও মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়।