২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রের পরিবর্তে জোট সরকার দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে : হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতি ও সন্ত্রাসের হাত থেকে বাঁচাতে আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্যে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 03:55 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে আয়োজিত বেশ কয়েকটি জনসভায় বক্তৃতাকালে তিনি বলেন, চার দলীয় জোট সরকার দেশে গণতন্ত্রের পরিবর্তে দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রীর ছেলে ও তার ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ দরিদ্রাক্রান্ত হাজার হাজার মানুষকে অনাহারে রেখে দেশের সম্পদ লুট করায় ব্যস্ত।

তিনি বলেন, ১৯৯১ সালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণ দুইবার বিএনপির ও একবার আওয়ামী সরকারের শাসন দেখেছে। এখন তারাই সিদ্ধান্ত নিবে কারা ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে।

মঙ্গাপিড়ীত উত্তরাঞ্চলের জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, জনগণ যদি আবারও আওয়ামী লীগকে ভোট দেয়, তবে উত্তরাঞ্চল থেকে অবশ্যই মঙ্গা দূরীভূত হবে।

হাসিনা বলেন, বর্তমান জোট সরকার দুর্নীতি, সন্ত্রাস, বোমা বিস্ফোরণ, মুল্যস্ফিতি ও মঙ্গা উপহার দেয়া ছাড়া জনগণের কল্যাণে কোনও কাজ করে নি।

তিনি জোট সরকারের মন্ত্রীদের ক্রমবর্ধমান দুর্নীতির সমালোচনা করে বলেন, দুর্নীতর কারণে বিশ্বব্যাংক তাদের তহবিল প্রত্যাহারর করে নিয়েছে, যা আমাদের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, হাওয়া ভবন ও মন্ত্রীরা যে অর্থ লুট করেছে জনগণ তা উদ্ধার করবে। অন্যদিকে তিনি ১৭ আগস্ট দেশজুড়ে বোমা বিস্ফোরণের জন্যে সরকারকে দায়ি করেন।

শেখ হাসিনা জোট সরকারের নৈরাজ্যের হাত থেকে বাঁচিয়ে সমৃদ্ধ দেশ গড়তে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্যে জনগণের প্রতি আহ্বান জানান।