সার্ক শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক এজেন্ডাসমূহ প্রাধান্য পাবে
সার্ক শীর্ষ সম্মেলনের আলোচনায় রাজনৈতিক বিষয়ের চেয়ে অর্থনৈতিক বিষয়ই প্রধান্য পাবে বলে জানিয়েছে আয়োজক বাংলাদেশ।
বুধবার পররাষ্ট্র সচিবদের সমন্বয়ে গঠিত সার্ক স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান বলেন, সম্মেলনে রাজনৈতিক বিষয়ের চেয়ে অর্থনৈতিক বিষয়ই বেশি স্থান পাবে।
দুই দফায় স্থগিত হয়ে যাওয়ার পর ১২ থেকে ১৩ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই সার্ক গ্রোগ্রামিং কমিটি দুদিনের বৈঠকের মধ্য দিয়ে স¤ভাব্য এজেন্ডা সুপারিশ করেছে, যা সার্ক স্থায়ী কমিটির আলোচনার জন্যে পেশ করা হবে।
কর্মকর্তা বলেন, স্থায়ী কমিটির আলোচনা বৃহস্পতিবারও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে
মন্ত্রিপরিষদকে পরামর্শ প্রদান করা হবে। ওই দিনই (বৃহস্পতিবার) মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হবে।
অর্থনৈতিক ইস্যুকে প্রধান আলোচ্য বিষয় হিসেবে উল্লেখ করে মোরশেদ খান বলেন, যদিও এখনও কিছু বিষয় নির্ধারণ করা হয়নি, তা সত্ত্বেও দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চলের (সাফটা) প্রস্তুতিমূলক কাজ প্রায় সম্পন্ন।
মন্ত্রী বলেন, অতি দ্রুত সাফটা বাস্তবায়নের ক্ষেত্রে স্থায়ী গাইডলাইন নির্ধারণে সার্ক সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ।
সার্ক সম্মেলনকে সামনে রেখে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংহও বুধবার দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে আন্তঃআঞ্চলিক বাণিজ্য জোরদার করার আহ্বান জানান।
ভারতের চাঁদিগড়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দানকালে তিনি বলেন, সাফটা এ অঞ্চলের অর্থনৈতিক সমন্বয় জোরদার করার ক্ষেত্রে চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে। ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে সাফটা কার্যকর হবে।
সম্মেলনের এজেন্ডা উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের উচিত সার্ক বিনিয়োগ অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে সাফটা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন করা, সার্ক কাস্টমস ইউনিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে তাকে আরও জোরদার করা এবং সর্বশেষ একে একটি অর্থনৈতিক ইউনিয়নে রূপান্তর করা।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সার্ক) রুহুল আমিন মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, সম্মেলনে সাফটা ছাড়াও দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়নের ব্যাপারে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।
সার্কের বর্তমান ও প্রস্তাবিত উন্নয়ন তহবিল (এসডিএফ) বৃদ্ধির মাধ্যমে দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিল (এসএডিএফ) গঠন করার ব্যাপারে সম্মেলনে সম্মতি মিলবে বলে আশা করা হচ্ছে।
সম্মেলনে গৃহীত প্রস্তাবের ব্যাপারে অর্থনৈতিক পন্থা নির্ধারণের লক্ষ্যে সার্ক সদস্য রাষ্ট্রের অর্থমন্ত্রিরা ২০০৬ সালের প্রথমাংশে ইসলামাবাদে মিলিত হবেন।
ড. মনমোহন সিং তার বক্তব্যে বলেন, সার্ক দেশগুলোর মধ্যে রেল, সড়ক, নৌ এবং আকাশপথে যোগাযোগ আরো বৃদ্ধি এবং ট্রানশিপমেন্ট সুবিধা চালু করা উচিত।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে একটি অভিন্ন যানবাহন নীতি চালু করতে হবে।
এছাড়াও দক্ষিন এশীয় দেশগুলোর মধ্যে জ্বালানি সম্পর্ক আরো বৃদ্ধি করা উচিত বলে তিনি মনে করেন।
ড. সিং বলেন, এ অঞ্চলের অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোতে বিনিয়োগ আরো বাড়ানো উচিত।
তিনি বলেন, দক্ষিন এশিয়ার দেশগুলোর দুটো অভিন্ন সমস্যা রয়েছে। আর এ সমস্যা দুটো হল সন্ত্রাস এবং দারিদ্র্য। কোন দেশই এখন বলতে পারে না, আরেকজনের শত্রু তার বন্ধু।
মনমোহন সিং বলেন, আমাদের মনে রাখতে হবে আমাদের প্রতিবেশী সবাই আমাদের বন্ধু। তিনি বলেন, সুনামি এবং ভূমিকম্পের মতো সাম্প্রতিক দুর্যোগ সব বিভেদ ভুলিয়ে দিয়েছে।
তিনি সার্ক সম্মেলনে অর্থনৈতিক বিভিন্ন ইস্যু, দারিদ্র্য বিমোচন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, সন্ত্রাস ইত্যাদি বিষয়ে একসাথে কাজ করার কথা বলেন।
এছাড়া আফগানিস্তানকে সার্কের পর্যবেক্ষক সদস্য করার ব্যাপরটি নিয়েও তিনি আলোচনার প্রস্তাব দেন।
