২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কে আফগানিস্তানের অন্তর্ভুক্তি: পাকিস্তান প্রস্তাব রাখবে, ভারত সমর্থন দেবে

সার্কের ত্রয়োদশ সম্মেলনে অষ্টম সদস্য হিসেবে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করতে প্রস্তাব রাখবে পাকিস্তান। বুধবার পাকিস্তানের এক মিডিয়া রিপোর্টে এ কথা বলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বুধবার ঢাকায় অনুষ্ঠিত দু’দিনব্যাপী স্থায়ী কমিটির প্রথম অধিবেশনে যোগদান শেষে ভারতীয় সাংবাদিকদের সামনে ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম সরেনও একই ইঙ্গিত দিয়েছেন।

এর আগে ভারত জানিয়েছে তারা আফগানিস্তানকে সাকের্র পর্যবেক্ষক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে সমর্থন দেবে। মঙ্গলবার ভারতের গণমাধ্যমগুলো এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করে।

শ্যাম সরেন বলেন, সার্ক সম্মেলনের শেষ নাগাদ আফগানিস্তানকে সার্কের নতুন সদস্য হিসেবে দেখা যেতে পারে। বৈঠকে আফগানিস্তানের আবেদপত্র গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আনন্দের বিষয় হলো স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত কূটনীতিকবৃন্দ আফগানিস্তানকে সার্কের পূর্ণ সদস্য হিসেবে মর্যাদা দেওয়ার ব্যাপারে সমর্থন জানিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশীদ মাহমুদ কাসুরি জানিয়েছেন তিনি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহর কাছ থেকে সার্কে অন্তর্ভুক্তির অনুরোধ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন।

তিনি বলেন, এটা আমার জন্যে আনন্দের যে সার্কে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি আমি রাখতে পারবো। তিনি আরও বলেন, আফগানিস্তানের ব্যাপারে কোন দেশ আপত্তি করবে না বলে আমার বিশ্বাস।

এর আগে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ জানিয়েছেন, সার্কের সদস্য হিসেবে আমরা আফগানিস্তানকে স্বাগত জানাবো। সার্ক মন্ত্রী পরিষদ বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানও ঢাকায়ও এক সংবাদ সম্মেলনে বলেন, আগ্রহী দেশগুলোকে সার্কের পর্যবেক্ষক এবং ডায়ালগ পার্টনারের মর্যাদা দেওয়ার ব্যাপারটিও এবারের সম্মেলনে আলোচনা করা হবে।