২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপ চ্যানেলে নৌ দুর্ঘটনায় এখনও ৬০ যাত্রী নিখোঁজ

সন্দ্বীপ চ্যানেলে শতাধিক যাত্রীবাহী কার্গো ট্রলারডুবির ঘটনায় এখনও ৬০ জন নিখোঁজ রয়েছে বলে দাবী করেছে চট্টগ্রামের সন্দ্বীপ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 06:22 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সোমবার এ ট্রলারডুবির ঘটনার দু’দিন অতিবাহিত হওয়ার পরও নিখোঁজ যাত্রীদের কোনও লাশ পাওয়া যায়নি।

বুধবার নগরীর জুবলী রোড কার্যালয়ে দুর্ঘটনা-উত্তর এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ ট্রলারডুবিতে প্রাণহানির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদানের দাবি জানান।

বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিসি) গত ছয়মাস ধরে স্টিমার সার্ভিস বন্ধ রাখায় ঘাটের ইজারাদার অবৈধভাবে কার্গো ট্রলারে যাত্রী পরিবহন করায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দুর্ঘটনার জন্যে বিআইডব্লিওটিসির চেয়ারম্যানসহ দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান।

ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, কুমিরা-সন্দ্বীপ রুটে অবিলম্বে স্টিমার সার্ভিস চালু এবং কুমিরা ও গুপ্তছড়া ঘাটে যাত্রীদের জাহাজে ওঠা-নামার জন্যে দুটি ভাসমান জেটি নির্মাণসহ পাঁচ দফা দাবি পেশ করেন।

আগামী শনিবার বিআইডব্লিওটিসির কার্যালয়ের সামনে পাঁচ দফার সমর্থনে অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করা হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. এনায়েতুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব ফোরকান উদ্দিন আহমেদ এবং আলহাজ্ব আবদুল বাতেন।

সোমবার বিকেলে শতাধিক যাত্রী নিয়ে এমভি মদীনা নামের ট্রলারটি সন্দ্বীপ থেকে সীতাকুণ্ড আসার পথে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে উল্টে যায়।

সোমবার সন্ধ্যায় উপকূলীয় এলাকা থেকে একটি শিশুর মৃতদেহ ও অপর ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।